দেশ থেকে শিশুশ্রম নিরসনে সময় লাগবে। তবে শিশুদের যাতে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে বের করে আনা যায়, সেই উদ্যোগ এখনই নিতে হবে। গত বুধবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে আলোচকেরা এই সুরে কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিশুরা মানববন্ধন করে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার প্রদান, কারিগরি প্রশিক্ষণের সনদ ও উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজনে শিশুরা মেতে থাকে। মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদার কিছু সংগঠন শিশুদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
অপরাজেয় বাংলাদেশ, ভাফুস্ড সিপিডি ও সহায়-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিশু রানা বক্তব্য দেয়। সে সুবিধাভোগী শিশু হিসেবে পাটের পণ্য তৈরির প্রশিক্ষণ পেয়েছে।
আলোচনা অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার বলেন, প্রতিটি শিশুকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হলে সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। দিবসটি উপলক্ষে প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সকালে একটি শোভাযাত্রা বাংলাদেশ শিশু একাডেমীর সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।