
শিশুদের ঝুঁকিমুক্ত রাখতে হবে। সুযোগ দিতে হবে বেড়ে উঠতে। শিশুর বিকাশে নজর দিতে হবে। এমন সব প্রত্যাশার কথা জানিয়ে বরিশালে শুরু হয়েছে শিশু আনন্দ মেলা ও শিশু সাংস্কৃতিক উৎসব। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বরিশাল বিভাগের কমিশনার মো. গাউস।
বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল জেলা ওই আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এতে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য বিনোদনবান্ধব পরিবেশ নেই। অথচ শিশুর শারীরিক বিকাশের সঙ্গে বিনোদন অত্যন্ত জরুরি বিষয়। দখলে-দূষণে গ্রাস করছে খেলার মাঠসহ বিনোদন স্থান।
উৎসবে মেহেন্দিগঞ্জ ও বানারীপাড়া উপজেলা থেকে আঞ্চলিক নৃত্য নিয়ে মাতিয়ে রাখে খুদে নৃত্যশিল্পীরা। বরিশাল জেলা শিশু একাডেমীর শিশুদের পরিবেশনায় ছিল আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান।
জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচনা করেন ডিআইজি মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সৈয়দ হাবিবুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ।
বিকেল সাড়ে চারটায় নগরের অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা সাতটায় আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে হালিমা খাতুন বালিকা বিদ্যালয়, জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।