কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর চণ্ডীবের দক্ষিণপাড়ার নিলুফা ইয়াসমিন গত সোমবার আড়াই মাসের সন্তানকে নিয়ে টিকা দিতে বাড়ির পাশের সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে যান। সেখানে গিয়ে জানতে পারেন টিকা (ভ্যাকসিন) নেই।
কেন্দ্র থেকে বলা হয়, হরতালের কারণে টিকা সরবরাহ বন্ধ। তাই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হরতাল শেষ না হওয়া পর্যন্ত সমস্যা সমাধানের সম্ভাবনা নেই।
সন্তানকে নিয়ে নিলুফা পরদিন গতকাল মঙ্গলবার ছুটে যান শহরের সূর্যের হাসি ক্লিনিকে। সেখান থেকেও একই কারণে ফিরে আসতে হয় তাঁকে। নিলুফা জানান, প্রথম ও দ্বিতীয় টিকা যথাসময়ে দিতে পেরেছেন। সোমবার ছিল পেন্টা-২ টিকা দেওয়ার নির্ধারিত দিন। নির্ধারিত সময়ে সন্তানকে টিকা দিতে না পেরে দুশ্চিন্তায় আছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যে হরতাল শিশুর সুস্থ জীবনের বাধা, সেই হরতাল আবার দেশের মঙ্গল বয়ে আনবে কীভাবে?’
গত রোববার থেকে নিলুফার মতো অনেকে কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা দিতে পারেননি। তাঁরাও টিকার সরবরাহ না থাকার কথা জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বিভাগ থেকে জানানো হয়, পৌর শহরে ২৮টি এবং সাতটি ইউনিয়নে ১৬৮টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ছয়টি টিকা দেওয়া হয়ে থাকে।
ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পরিচালিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায়। পৌর সদরে এ কর্মসূচি বাস্তবায়ন করে পৌর কর্তৃপক্ষ। রোববার থেকে ৮৪ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরুর পর জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে টিকা আনা যাচ্ছে না। এ কারণে পুরো উপজেলায় টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। বিশেষ করে পৌর সদরের কেন্দ্রগুলোতে পুরোপুরি অচলাবস্থার সৃষ্টি হয়েছে।