রাত তখন প্রায় ১০টা। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। রাত ১২টার পর শুরু হবে নানা আয়োজন। তাই আগেই রাতের খাবার খেয়ে নিচ্ছিল অনুষ্ঠানে আসা শিশু-কিশোর, যুব আর প্রবীণেরা। এ সময় এক নারী তাঁর সন্তানকে বলছেন, ‘খেতে বসেছ, ইনসুলিন নিয়েছ?’ ছেলের উত্তর, ‘না, ভুলে গেছি।’আলেয়া নামের ওই নারীর একমাত্র ছেলে ফজলে রাব্বি ডায়াবেটিসে আক্রান্ত। মাত্র ১২ বছর বয়সে সে এই রোগে আক্রান্ত হয়। রাব্বির বাবাও ডায়াবেটিসে আক্রান্ত। আলেয়া বললেন, শিশুদের এই রোগ হলে পরিবারের ঘুম হারাম হয়ে যায়। প্রতিদিন অন্তত দুবার ইনসুলিন নিতে হয়। শিশুরা সবকিছু নিয়ন্ত্রণ করে চলতেও পারে না। খাবার নিয়ন্ত্রণ তাদের জন্য একেবারেই অসম্ভব। ব্যায়ামও করতে চায় না। বাবা-মাকে সার্বক্ষণিক নজরদারি করতে হয়।গত সোমবার রাতে ডায়াবেটিসে আক্রান্ত বিভিন্ন বয়সের শিশুদের নিয়ে নববর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়। ঢাকার অদূরে আশুলিয়ার ওয়াটার ওয়ার্ল্ডে ‘চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন’ (সিডিআইসি) শীর্ষক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস), নভো নরডিস্ক ও ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশন। অনুষ্ঠানে ডায়াবেটিসে আক্রান্ত ৮০টি শিশু তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মেতে ওঠে।বাচ্চাদের ডায়াবেটিস হলে (টাইপ-১) তাদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। প্রতিদিন এক থেকে তিনবার ইনসুলিন নিতে হয়। নিয়মমাফিক জীবন যাপন করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি এ কে আজাদ খান প্রথম আলোকে বলেন, শূন্য বছর বয়সের বাচ্চারাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে প্রায় চার লাখ শিশু এই রোগে আক্রান্ত। এ ধরনের রোগীর সংখ্যা বাংলাদেশে দিন দিন বাড়ছে। সচেতনতা বাড়ালে এই রোগ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব। একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, তখন তাঁর বয়স ১১ বছর। দীর্ঘদিন দুর্বলতা বোধ করতেন। ওজন কমে যাচ্ছিল। শুধু পানির পিপাসা লাগত। তাঁর ভাই গ্রামে এসে তাঁর অবস্থা দেখে বুঝতে পারেন। এরপর ডায়াবেটিস ধরা পড়ে। তত দিনে রক্তে চিনির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৫। এখন তিনি নিয়মিত ইনসুলিন নেন।একই অবস্থা জাহিদুল হাসানের। জাহিদ জানায়, দিনে সে দুবার ইনসুলিন নেয়। ডায়াবেটিস ধরা পড়ার পর নিজেকে খুব অসহায় লাগত। মনে হতো, এই রোগী কেবল সে একা। এখন এমন অনেকের সঙ্গে দেখা হওয়ায় সাহস পাচ্ছে সে।সিডিআইসি প্রকল্পের পরিচালক কিশোয়ার আজাদ বলেন, জিনগত কারণে অনেক বাচ্ছা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। খাবারও একটা বড় কারণ। জিনগত কারণ হয়তো ঠেকানো যাবে না। তবে ব্যাপক সচেতনতার মাধ্যমে খাবারের বিষয়টি নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষ করে বাচ্চাদের ফাস্ট ফুড না দেওয়া।সিডিআইসি প্রকল্পের লক্ষ্য হচ্ছে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা ও তাদের একটি সুন্দর জীবনের নিশ্চয়তা দেওয়া। ২০১০ সালে যাত্রা শুরুর পর এ পর্যন্ত এক হাজার ৫২৩ জন ডায়াবেটিসে আক্রান্ত শিশু এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এদের বিনা মূল্যে ইনসুলিন, সিরিঞ্জ, সিট্রিপ, গ্লুকোমিটারসহ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডিআইসি প্রজেক্টের সমন্বয়কারী বেদোয়ারা জাবিন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সায়েফ উদ্দিন, নভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার ও নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ে ভালো ফলাফলসহ নানামুখী প্রতিভার স্বাক্ষর রাখায় ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।