

সকালেই মেলার দ্বার খুলে দেওয়া হয়েছিল। নানা বয়সী উৎফুল্ল শিশুদের ছোটাছুটির মনোহারী দৃশ্য দেখা গেল। অমর একুশে গ্রন্থমেলায় গতকাল শনিবার ছিল শিশুপ্রহর। একাডেমি চত্বরের আলাদা শিশু কর্নার এবং উদ্যানে যেসব প্রকাশনায় শিশুদের বই আছে, সেখানে গিয়ে বই সংগ্রহ করেছে শিশু-কিশোরেরা। তবে গত শুক্রবারের তুলনায় গতকাল ভিড় কম ছিল। শিশু কর্নারে বাংলা একাডেমির আলাদা একটি স্টল আছে, যেখানে শুধু শিশুদের বই বিক্রি হয়। এ স্টলের বিক্রয়কর্মী জানান, আগের দিন স্টলে নিয়ে আসা প্রায় সব বই বিক্রি হয়ে গেছে। কিন্তু আজ (শনিবার) বিক্রিতে একটু ভাটা।
গতকাল সকাল সাড়ে আটটায় অমর একুশে উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করে শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন পর্ব।
শিশুদের বই নিয়ে কোনো কোনো অভিভাবকের হতাশা দেখা গেল। ওয়ারী থেকে ছেলে জাওয়াদ ও মেয়ে মাইশাকে নিয়ে এসেছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন। তিনি বললেন, ‘বাচ্চার হাতে বই তুলে দেব কোন ভরসায়? প্রচুর বই আছে। কিন্তু বেশির ভাগই বিদেশি বইয়ের অনুবাদ, ভুল বাক্য, ভুল বানানে ভরা, অনুবাদেও ভুল থাকে।’ তাঁর মতে, যাঁরা বড়দের জন্য লেখেন, তাঁরা শিশুতোষ সাহিত্যও ভালো লেখেন। কিন্তু দুঃখের বিষয়, তাঁরা নিয়মিত লেখেন না।
মেলা ঘুরে শিশুদের জন্য আলাদা করে নতুন বই খুব কম দেখা গেল। বেশির ভাগই পুরোনো বই কল্পকাহিনি কিংবা জনপ্রিয় কার্টুনের ওপর লেখা। ব্যতিক্রম ছিল প্রথমা, অন্যপ্রকাশসহ বেশ কিছু প্রতিষ্ঠান। প্রথমা থেকে মেলায় এসেছে আব্দুল কাইয়ুমের গণিতের জাদু।
প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী জানালেন, শিশুরা আলাদা করে এই বইটির খোঁজ নিলেও সব শ্রেণীর পাঠকের কাছেই বইটি সমাদৃত হয়েছে। পাশাপাশি এ প্রতিষ্ঠানে কাইয়ুম চৌধুরীর তনুর সাথে রঙ রেখাতে, আনিসুল হকের কিডন্যাপারের কবলে গুড্ডুবুড়া, শরিফুল ইসলাম ভূঁইয়ার খিলটুসের খপ্পরে, নাজিয়া জাবীনের এক সাগর রক্তের বিনিময়ে বেশ ভালো বিক্রি হচ্ছে। শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ এবারের মেলায় প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের বেশ কিছু বই বের করেছে। এর মধ্যে কাক ও কাঠগোলাপ, টগর অ্যান্ড জেরি, ব্যাঙ-কন্যা এলেং, বোকা রাজার সোনার সিংহাসন বইগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
নতুন বইয়ের তালিকায় গতকাল যোগ হয়েছে আরও ১৪২টি বই। নজরুল মঞ্চে ছিল জমজমাট মোড়ক উন্মোচন পর্ব। গতকাল ১৬টি বইয়ের মোড়ক খোলা হয়। সুভাষ সিংহ রায়ের প্রিয় আওয়ামী লীগ অপ্রিয় আওয়ামী লীগ বইটির মোড়ক উন্মোচন করেন লেখক সৈয়দ শামসুল হক। বইটি এনেছে অন্বেষা। গতকাল প্রকাশিত বইয়ের মধ্যে ছিল গল্প ১৬টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ১৪টি, কবিতা ৩০টি, গবেষণা একটি, ছড়া একটি, জীবনী একটি, রচনাবলি একটি, মুক্তিযুদ্ধ পাঁচটি, বিজ্ঞান একটি, ভ্রমণ পাঁচটি, ইতিহাস তিনটি, চিকিৎসা দুটি, রম্য/ধাঁধা সাতটি, ধর্মীয় একটি, কম্পিউটার একটি, অনুবাদ তিনটি, সায়েন্স ফিকশন তিনটি এবং অন্যান্য ১৫টি।
মেলায় এর মধ্যে বিদ্যা প্রকাশ এনেছে মোহিত কামালের পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণগহ্বর, পাঠক সমাবেশ এনেছে আবুল আহসান চৌধুরীর বাউল ধ্বংস ফৎওয়া ও অন্যান্য, অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের প্রিয়জন নিয়ে পাঁচ উপন্যাস, জাগৃতি এনেছে আহসান কবিরের আপা ম্যাডাম ও থুথু বাবার দেশে, তাম্রলিপি এনেছে নুরুন্নবী চৌধুরী হাছিবের কাজের যত মোবাইল অ্যাপস, জয়তী এনেছে কাফি কামালের কন্যারাশির জাতক ইত্যাদি।
মেলামঞ্চের আয়োজন
বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ওয়াহিদুল হক: বাংলাদেশে রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন দীপা বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশ নেন জামিল চৌধুরী ও বদিউর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। এ ছাড়া সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মহিউজ্জামান চৌধুরী, আবদুল ওয়াদুদ, আজিজুর রহমান, ছায়া রানী কর্মকার, শাহনাজ নাসরীন ও অচিন্ত্য কুমার হাজং।