
সিলেটে নিজেদের চাঁদার টাকায় শীতবস্ত্র কিনে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। আর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের দুটি উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পাদুকা এবং লালমনিরহাটে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই বিতরণকাজেও সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত—
সিলেটে নিজেরা চাঁদা তুলে কম্বল কিনে গতকাল দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। দুপুরে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সদস্যরা ৩০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বলগুলো দেন। নগরের জিন্দাবাজার এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ শিবপ্রসাদ সেন, ডিন তাহের বিল্লাল খলিফা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রজতকান্তি দাস, সাবেক সভাপতি রুমেন চৌধুরী, সদস্য এনায়েতুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম, অনিক রায়, নির্মল জ্যোতি রায়, হাফিজা আক্তার, আজিজা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান পশ্চিম আদিবাসী প্রাক-প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পাদুকা বিতরণ করা হয়। দুপুরে এ বিতরণকাজে অংশ নেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্, ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ ওঁরাও, কোষাধ্যক্ষ নিখিল চন্দ্র ওঁরাও, সোনাখাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুশীল কুমার মাহাতো, শিক্ষিকা বীণা রানী ওঁরাও, জয়ন্তী রানী মাহাতো, কালোমনি মাহাতো, প্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ শাখার সভাপতি রাকিবুল হাসান ও সদস্য ওমর ফারুক।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা মধ্যপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয় চত্বরে গুল্টা মধ্যপাড়া, গুল্টা পশ্চিমপাড়া, ধাওয়াপুর ও দেশীগ্রাম ইউনিয়নের ছয়ঘাঁটি এবং ক্ষিরসিন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে পাদুকা বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন ওঁরাও জনগোষ্ঠীর প্রধানদের একজন সুরেন্দ্রনাথ ওঁরাও, ওঁরাও ফাউন্ডেশনের সহসভাপতি জ্ঞানেন্দ্রনাথ ওঁরাও, শিক্ষিকা লীলা রানী ওঁরাও, ভারতী রানী ওঁরাও, অনিদ্রা ওঁরাও প্রমুখ।
লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর এলাকা এবং সদর উপজেলার গোকুন্ডা, কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়।
বেলা ১১টায় এসব কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, লালমনিরহাট থিয়েটারের সাধারণ সম্পাদক আরশাদুল্লাহ সরকার আজাদ, স্থানীয় বন্ধুসভার সহসভাপতি বেনজির আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুজ্জামান খন্দকার প্রমুখ।