শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু হত্যা এবং শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এবং সমাবেশে বক্তারা বলেছেন, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। শিশু নির্যাতনকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এই প্রবণতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সমাবেশে শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে দাবি তোলা হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে খেলাঘর চট্টগ্রাম মহানগর আজ শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খেলাঘর নগর শাখার সভাপতি অধ্যাপক গাজী সালেহউদ্দিন।
সভায় বক্তারা বলেন, একের পর এক শিশু হত্যার ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন স্থানে আজ শিশুরা নির্যাতিত হচ্ছে। তাদের নির্মল ভবিষ্যৎ আমরা শঙ্কার দিকে ঠেলে দিচ্ছি। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কঠোর আইনের প্রয়োগ প্রয়োজন।
বক্তারা বলেন, যদি এখনই এই হত্যা এবং নির্যাতন বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। একটি উন্নত জাতি গঠনের জন্য শিশুদের জন্য নিরাপদ এবং ভীতিহীন জীবন নিশ্চিত করতে হবে।
‘শিশু হত্যা, নির্যাতনকারীদের বিচার চাই-শিশুর নিরাপদ জীবন চাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক গণেশ রায়, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, খেলাঘর নগর কমিটির সাধারণ সম্পাদক এ এস এ জাহিদ প্রমুখ।