শিশুদের নিয়ে মুশফিকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকশনএইডের আয়োজনে গতকাল সন্ধ্যায় সংস্থাটির গুলশান কার্যালয়ে এতিম শিশুদের মধ্যে ইফতা​ির বিতরণ করেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত l ছবি: আশরাফুল আলম
অ্যাকশনএইডের আয়োজনে গতকাল সন্ধ্যায় সংস্থাটির গুলশান কার্যালয়ে এতিম শিশুদের মধ্যে ইফতা​ির বিতরণ করেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত l ছবি: আশরাফুল আলম

‘ভাবি, আপনি সবচেয়ে ভালো কী রান্না করতে পারেন?’ সরল প্রশ্নটা শুনে লজ্জার আভা ছড়িয়ে পড়ে জান্নাতুল কিফায়াতের মুখে। পাশের মানুষটিকে দেখিয়ে বলেন, ‘ওকে জিজ্ঞেস করো।’ স্ত্রীর রান্নার সবচেয়ে ভালো খবর রাখেন স্বামী। মুশফিকুর রহিমও নিশ্চয়ই রাখেন। কিন্তু তাঁর উত্তর দেওয়ার আগেই সম্পূরক প্রশ্ন ভেসে আসে, ‘ভাইয়া, আপনি কি রান্না করতে পারেন?’ লাজুক মুখে বাংলাদেশের টেস্ট অধিনায়কের উত্তর, ‘আমি খেলা ছাড়া কিছুই পারি না!’
আসলেই কি তাই? ২২ গজে অসাধারণ ব্যাটিং করেন, টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন—খেলার বাইরে মুশফিক আরও একটি কাজ করেন। সহায়তার হাত বাড়িয়ে দেন সুবিধাবঞ্চিত, দরিদ্র শিশুদের দিকে। কাল বিকেলেও তাঁর আনন্দময় কিছু মুহূর্ত কাটল সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। গুলশানে অ্যাকশনএইড বাংলাদেশের কার্যালয়ে প্রিয় তারকাকে কাছে পেয়ে কত প্রশ্ন তাদের! মুশফিকও হাসিমুখে দিতে থাকেন একের পর এক উত্তর। কখনো তাঁর সঙ্গে যোগ দেন স্ত্রী কিফায়াত।
সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঢাকায় পাঁচটি বাড়িতে ১৫০ জন শিশুকে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা দিচ্ছে অ্যাকশনএইড। এই কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন মুশফিকও। এসব শিশুর দিকে বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘মানুষ হিসেবে তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর্থিকভাবে সচ্ছল অনেকেই হয়তো সহায়তা করেন। যাঁরা করছেন না, তাঁদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।’
শুধু সুবিধাবঞ্চিত শিশু নয়, মুশফিকের ভালোবাসা বিস্তৃত অটিস্টিক ও দরিদ্র অসুস্থ শিশুদের প্রতিও। শিশু নির্যাতনের বিরুদ্ধেও তিনি ভীষণ সোচ্চার। গত বছর রাজন হত্যাকাণ্ডের পরই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে লিখেছিলেন, ‘একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে “না” বলুন।’ গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোর সংবাদ শিরোনাম ছিল, ‘চার শিশুকে মেরে লাশ বালুচাপা।’ নিচে ছিল গত পাঁচ বছরে সহিংসতার শিকার শিশুদের পরিসংখ্যান। পেপার কাটিং প্ল্যাকার্ডে সেঁটে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন মুশফিক।
এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায় অনেক খেলোয়াড়কেই। তবে শিশুদের প্রতি মুশফিকের ভালোবাসাটা যেন একটু বেশিই! শিশুদের পাশে দাঁড়ানো তিনি নৈতিক কর্তব্য বলেই মনে করেন, ‘শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবে তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। একটু সময় দিয়ে তাদের অনুপ্রাণিত করার চেয়ে বড় আর কী হতে পারে! অনেক কিছু করতেই ইচ্ছে করে। ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না। যতটা পারা যায় চেষ্টা করি কিছু করতে।’
শিশুদের জন্য আরও বড় কলেবরে কাজ করতে মুশফিক ভবিষ্যতে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে চান। তবে সে জন্য নিশ্চয়ই সময় লাগবে। ফাউন্ডেশন যখন হয় হবে, শিশুদের জন্য মুশফিকের দুয়ার সব সময়ই খোলা। এ কারণেই বলেন, ‘সব সময় আমি তোমাদের পাশে থাকতে চাই।’