শিশুদের নিয়ে রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ স্লোগান নিয়ে রাজশাহী থিয়েটারের স্কুলভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।
নগরের বি বি হিন্দু একাডেমিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নেয়। তারা নাচ, গান, চিত্রাঙ্কন, আবৃত্তি, একক অভিনয়, বঙ্গবন্ধুর ভাষণ ও বিতর্কের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
‘রাজশাহী থিয়েটার পথে-মঞ্চে ত্রিশ বছর’ শিরোনামে সকাল নয়টায় আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। শিশু থেকে প্রথম শ্রেণি, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণি—এই চার গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে তারা গ্রামবাংলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলে। এ ছাড়া বেলা ১১টায় সংগীত প্রতিযোগিতা ও সাড়ে তিনটায় শুরু হয় নৃত্য প্রতিযোগিতা। পাশাপাশি চলে একক অভিনয়।
বিকেল চারটায় শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায়। এতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অনুরূপ ভাষণ দেয়। বিষয়টি মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
রাজশাহী থিয়েটারের সভাপতি কামারউল্লাহ সরকার জানান, মুক্তিযুদ্ধের আলোকে শিশুদের গড়ে তুলতে রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কামারউল্লাহ সরকার জানান, পরবর্তী সময়ে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।