শিশুদের পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিত বিজ্ঞান বিষয়ের ক্লাস চলছে। সেদিন ক্লাসের অনেকেই পড়া শিখে আসেনি। শিক্ষক রেগেমেগে অগ্নিমূর্তি ধারণ করলেন। শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে দিলেন। তারপর বেত হাতে চড়াও হলেন শিশুদের ওপর। বেতের আঘাতে কোমলমতি ওই শিশুদের শরীর রক্তবর্ণ ধারণ করে। কারও কারও গা ফুলে ওঠে। কারও ত্বক ফেটে বের হয় রক্ত। শিশুদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষক। নিরস্ত করেন ওই শিক্ষককে।ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর শান্তিরহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। গত মঙ্গলবার শিক্ষকের মার খেয়ে চতুর্থ শ্রেণীর ১৩টি শিশু যন্ত্রণায় ছটফট করছিল। এর মধ্যে গুরুতর আহত আকলিমা আকতার ও নিশাত সুলতানাকে বিকেলেই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।অথচ শিক্ষার্থীদের শাস্তি দেওয়া সংবিধানসম্মত নয়। ১৩ জানুয়ারি হাইকোর্টের এক রায়ে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করা অসাংবিধানিক বলে রায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, স্থানীয় অভিভাবক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক মো. শফিউল বশরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বাবদ ওই শিক্ষককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁর অব্যাহতি কার্যকর হবে বলে জানা গেছে।স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হরিপদ বলেন, শিশু দুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেত্রাঘাতের ফলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দিয়েছে। পায়ের কয়েকটি অংশ থেকে রক্তও ঝরেছে।অভিযুক্ত শিক্ষক মো. শফিউল বশরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পড়া না শেখার অপরাধে তাদের সবাইকে বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো শিক্ষার জন্য আমার ভূমিকাকে প্রধান্য দিয়েছি।’স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি সিকদার বলেন, ‘এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। কয়েকবার বারণও করেছি। কিছুতেই থামানো যায়নি তাঁকে।’স্থানীয় বক্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সোলায়মান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষককে বিদ্যালয়ের পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ওই শিক্ষক আহত দুই শিক্ষার্থীর চিকিৎসা বাবদ চার হাজার টাকা দেবেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন চক্রবর্তী বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক ও জনপ্রতিনিধিরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। রেজুলেশন জমা দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’