শিশুদের প্রতি যত্নশীল হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্রদের দ্বারা রাজীব হত্যা সংঘটন সম্পর্কে আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, রাষ্ট্রসহ সবাইকে শিশুর চারপাশের পরিবেশ, প্রকৃত শিক্ষা এবং রাজনীতি, দেশের স্বাধীনতার প্রকৃত ঐতিহাসিক পটভূমি সম্পর্কে সচেতনতা এবং ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ নিশ্চিত করতে হবে।

আদালত গত ২ এপ্রিল বিচারিক আদালতের দেওয়া রায় সমুন্নত রাখেন। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের ১৬৩ পৃষ্ঠার ওই রায় প্রকাশিত হয়েছে।

বিচারিক আদালত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর দেওয়া রায়ে দু জনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ হয়।

এই মামলায় হাইকোর্ট তদন্তকারীদের কিছু ত্রুটিবিচ্যুতির বিষয়ে বিচারিক আদালত এবং আসামিপ‌ক্ষের আইনজীবীদের পর্যবেক্ষণকে সমর্থন করেন। হাইকোর্ট বলেন, ‘আমরা এই অভিমত দিচ্ছি যে এ ধরনের মামলার তদন্তে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়াই যথেষ্ট নয়। তদন্তকারীকে হতে হবে দেশের জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ, যাতে তদন্তকারী তাঁর হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ ধরনের দায়িত্ব পালন করতে পারেন।’

শিশুর প্রতি পিতার দায়

রায়ে নির্দিষ্টভাবে শিশুর প্রতি পিতার ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এতে বলা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মামলার দোষী সাব্যস্ত মেধাবী ছাত্ররা অজ্ঞাত কারণে যেভাবে নৈরাজ্যমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে, তা সামগ্রিকভাবে সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য এবং সাক্ষ্য-প্রমাণ থেকে এটা পরিষ্কার হয়েছে যে অভিভাবকেরা তাঁদের প্রত্যেকের কর্মস্থলে উচ্চশিক্ষার ছাপ রাখছেন। সুতরাং এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে কিছু ব্যক্তি এ মর্মে তাঁদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন যে দায়টা অভিভাবকদের নিতে হবে। কারণ, এমন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে অভিযুক্ত ছাত্রদের ওপর নজরদারি করা একমাত্র তাঁদের অভিভাবকদেরই দায়িত্ব ছিল। আদালত বলেন, সব অভিভাবকের উচিত তাঁদের সন্তানদের বিভিন্ন বই পড়তে উৎসাহ জোগানো, যাতে সেই অধ্যয়ন তাদের ভুল পথে পা বাড়ানো রোধ করতে পারে। শিশুদের ভুল পথ থেকে প্রতিহত করতে চাই তাদের ভালো পরিবেশে সম্পৃক্ত করা। বিশেষ করে পারিবারিক পরিবেশও শিশুর বেড়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ।

এরপর আদালত আরও বলেন, রাষ্ট্রসহ সবাইকে শিশুর চারপাশের পরিবেশ, প্রকৃত শিক্ষা এবং রাজনীতি, দেশের স্বাধীনতার প্রকৃত ঐতিহাসিক পটভূমি সম্পর্কে সচেতনতা এবং ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে শিশুর যথাযথ জ্ঞান আহরণ নিশ্চিত করতে হবে।

রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, ‘কোনো কোনো অভিভাবক কিংবা পিতা-মাতা তাঁদের সন্তানদের যথাসময়ে যত্ন নিতে ব্যর্থ হয়ে থাকেন। কারণ, মাঝে মাঝে এই পিতা-মাতারা তাঁদের অবাঞ্ছিত জীবনযাপনের মধ্যে নিজেদের আচ্ছন্ন করে ফেলেন। সুতরাং ক্ষমতার অংশীজনসহ সমাজের উচ্চপর্যায়ের এলিটদের আরও বেশি বিলম্ব হয়ে যাওয়ার আগেই এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত।’

খুতবায় ইমামদের সতর্কতা

আদালতের রায়ে বলা হয়, মসজিদে একজন ইমামকে নিয়োগ করা হয় যথাযথভাবে নামাজ আদায়ের জন্য। তাঁর একমাত্র কর্তব্য ইসলাম এবং হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে প্রকৃত জ্ঞান বিতরণ করা। ইমামদের বিভিন্ন কার্যক্রম মুসলমানদের মনে ইতিবাচক ছাপ রাখে বলেই সাধারণ মানুষের ধারণা। ইমামের নেতৃত্বে মসজিদে যখন ইবাদত-বন্দেগি করা হয়, তখন অবশিষ্ট মুসল্লিরা ইমামের আচার-আচরণের ওপর আস্থাশীল থাকেন। উপরন্তু কোনো সন্দেহ নেই যে ইমাম নাগরিক সমাজের একজন এবং দেশের একজন আইনমান্যকারী নাগরিক। যেকোনো নাগরিকের মতোই প্রচলিত আইনের প্রতি আইন তাঁর ওপরও সমানভাবে বর্তায়। তাই মসজিদের খুতবায় তিনি এমন কোনো বক্তব্য দিতে পারেন না, যা দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। এবং কারও পক্ষে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এবং অন্য ধর্ম সম্পর্কে কারোরই অবমাননাকর মন্তব্য করা উচিত নয়।

হাইকোর্টের রায়ে দেখা যায়, ইসলাম ধর্মের প্রতি কথিত অবমাননার অভিযোগ থেকেই ব্লগার রাজীবকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আদালত বলেন, ‘যদি কোনো ব্যক্তি ইসলাম কিংবা হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কোনো অবমাননাকর বা সমালোচনামূলক মন্তব্য করে থাকে, তাহলে তাকে অবশ্য বিচারের সম্মুখীন করতে হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে প্রচলিত আইনের আওতায় শাস্তি পেতে হবে। কিন্তু এ রকমের অধিকার কারও নেই যে, যে কেউ বিশেষ ধরনের উত্তেজক বিবৃতি বা বক্তৃতা দিয়ে কথিত অভিযুক্তকে শাস্তি দিতে পারে। কেউ যুক্তি দিতে পারেন না যে, কোনো ব্যক্তি আকস্মিকভাবে কোনো ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করলে বিচার ছাড়াই তাকে শাস্তি দেওয়া উচিত।’

ইমাম রাহমানির দণ্ড কমানোর যুক্তি নাকচ করে আদালত বলেন, ‘এই অভিযুক্ত ব্যক্তি একটি মসজিদের নেতা, তিনি জুমার নামাজের সময় বিভিন্ন উপলক্ষে আইনগত কর্তৃত্ববিহীন কোনো বক্তব্য রাখার দায় এড়াতে পারেন না।’