শিশুদের প্রশ্নে প্রশাসন নাস্তানাবুদ
—স্কুলগুলোয় খেলার মাঠ নেই কেন?
—ছেলেরা বাইরের মাঠে খেলতে পারে, কিন্তু মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ নেই কেন?
—রাস্তায় যত্রতত্র নির্মাণসামগ্রী ও ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়। এতে শিশুদের যাতায়াতের পাশাপাশি তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কিন্তু এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না কেন?
—শিক্ষা-বাণিজ্য বন্ধ করা হচ্ছে না কেন?
গতকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমী খুলনায় অনুষ্ঠিত ‘শিশুদের মুখোমুখি-২০১৫’ অনুষ্ঠানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসব প্রশ্ন করে শিশুরা। শিশুদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে খুলনা জেলা প্রশাসন, শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফারুক হোসেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা হচ্ছে—এটা আমরাও দেখেছি। তবে এ ক্ষেত্রে সিটি করপোরেশনকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। আইনের প্রয়োগ করতে হবে।’
আর ভারপ্রাপ্ত মেয়র দাবি করেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করা হচ্ছে। তবে এ ব্যাপারে জনগণকেই এগিয়ে আসতে হবে।