শিশুদের প্রয়োজনের কথা জানাল শিশুরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন একটি শিশু নীতি চাই, যেখানে সব ধরনের শিশুদের অধিকার নিশ্চিত হবে। যে নীতি আমাদের নিরাপত্তা দেবে বলে সরকার অঙ্গীকার করবে।’ ন্যাশনাল চাইল্ডস টাস্কফোর্স (এনসিটিএফ) আয়োজিত কর্মশালায় এ কথাই জানাল সারা দেশের শিশুদের প্রতিনিধিরা। শিশুনীতি ২০১০-এর খসড়া তৈরির পর শিশুরা সেটাকে কীভাবে দেখছে, তা জানানোর জন্য আয়োজকেরা এই কর্মশালার আয়োজন করেন। গতকাল বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সারা দেশ থেকে অংশ নেওয়া শিশুরা শিশুনীতি সম্পর্কে তাদের একটি সুপারিশমালাও প্রণয়ন করে। এরপর খসড়া নীতিমালায় সংযোজন-বিয়োজনের সুপারিশ পেশ করা হয় শিশুনীতি প্রস্তুতকারী কমিটির কাছে। এর আগে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়।এর লক্ষ্য সম্পর্কে আয়োজকেরা বলেন, শিশুদের এমন কিছু অনুভূতি থাকতে পারে, যেটা আমরা বড়রা হয়তো এড়িয়ে যাই। শিশুকে সেটা প্রকাশ করার সুযোগ দিলে সহজে খুঁটিনাটি বিষয়গুলো নজরে আসতে পারে। গতকালের কর্মশালায় সারা দেশ থেকে আসা ৬০ জন শিশু সাতটি দলে বিভক্ত হয়ে একেক দল একেকটি বিষয় নিয়ে পর্যালোচনা শুরু করে। এ সময় তারা প্রতিবন্ধী, পথশিশু, শ্রমজীবী, আদিবাসী, নদীভাঙনকবলিত, দলিত, যৌনপল্লি, নিরাপদ আশ্রয় ও এতিমখানার শিশুদের অধিকার নিশ্চিত করতে শিশুনীতিতে আরও কী থাকা প্রয়োজন, সেদিকে মনোযোগ দিতে চেয়েছে বলে জানায় সাতটি দলকে নির্দেশনা দিতে গঠিত শিশু সহযোগীরা। কর্মশালা থেকে যেসব বিষয় শিশুনীতিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় সেগুলো হলো, শিশুরা যেসব জায়গায় থাকবে সেসব স্থান সম্পূর্ণ ধূমপানমুক্ত করা, বেদে-ভাসমান-পথশিশুসহ বঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসহায়তা দান, রাজনৈতিক কাজে অংশগ্রহণ নিষিদ্ধ করতে আইন প্রণয়ন, বয়ঃসন্ধিকালে যেসব বিষয় শিশুদের কৌতূহল তৈরি করে, সেসব বিষয়ে পাঠদান এবং এইচআইভি এইডসের মতো রোগ সম্পর্কে অবহিত করা। এই সুপারিশগুলোর পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘এই নীতির প্রতিটি বাক্যে সরকার ‘করা হবে’ শব্দটি ব্যবহার না করে ‘করব’ শব্দটি ব্যবহার করলে দায়বদ্ধতা এড়ানোর সুযোগ থাকে না।’ কর্মশালা শেষে সংবাদ সম্মেলনে শিশু প্রতিনিধিরা তাদের দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানায়। এ সময় জান্নাতুল ফেরদৌস, ইদ্রিস মাহবুব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়। এই কর্মশালার আয়োজনে সহযোগিতা করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), প্ল্যান, সেভ দ্য চিলড্রেন (অস্ট্রেলিয়া) ও মানুষের জন্য ফাউন্ডেশন।