শিশুদের বিচার হতে হবে শিশু আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রিয়াজুল হক
কাজী রিয়াজুল হক

শিশুদের অপরাধ অনুযায়ী ও বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস করে আলাদা আলাদা করে রাখতে হবে। তাদের বিচার হতে হবে শিশু আদালতে। শিশুদের জন্য আলাদা অভিযোগপত্রে ব্যবস্থা নিতে হবে। বড়দের থেকে আলাদা হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এসব কথা বলেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাজী রিয়াজুল আরও বলেন, ‘আমরা চাই অপরাধ জগতের সঙ্গে বাচ্চাদের যেন পরিচয় না ঘটে। বাচ্চারা যাতে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকে। বাচ্চারা কোনো অপরাধ করলে তাদের জেলে না নিয়ে, শিশু উন্নয়ন কেন্দ্রে বা কিশোর সংশোধন কেন্দ্রে না পাঠিয়ে, তাদের পরিবারের কাছে সোপর্দ করে দেওয়া দরকার। পরিবারের কাউকে না পাওয়া গেলে সোসাইটির কারও কাছে সোপর্দ করা অথবা সরকারের যেসব সদন আছে, সেসব জায়গা তাদের নিতে হবে। অপরাধীদের সঙ্গে বাচ্চাদের যোগাযোগ থাকা ঠিক না। অপরাধ জগতের সঙ্গে তাদের থাকা ঠিক না।’
মানবাধিকার চেয়ারম্যান বলেন, এখন এখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করানো হয়। এই লেখাপড়াগুলো এইচএসসি পর্যন্ত যাওয়া উচিত। কারণ ১৮ বছর আগ পর্যন্ত শিশু। এ বয়সে মানুষ এইচএসসি পাস করে। এখানে যারা আছে, তাদের কাজের মধ্যে রাখতে পারলে মা-বাবার অভাব কম বোধ করবে। এর জন্য তাদের লেখাপড়ার মধ্যে রাখা দরকার।
এ সময় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ) মো. শরিফ উদ্দিন, সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম, জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শংকর শরণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. শাহ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।