শিশুদের বিদ্যালয়মুখী করার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে গতকাল রোববার জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধ ও বিদ্যালয়মুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

এবারের শিক্ষা সপ্তাহের স্লোগান ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকে এসব কর্মসূচিতে অংশ নেন। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

ব্রাহ্মণবাড়িয়ারনাসিরনগর উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, নারী ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, নাসিরনগর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেম, ফান্দাউক ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দেব প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বাঞ্ছারামপুরের ইউএনও মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নওসাদ মাহমুদ, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ।

 সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে ধরমপাশা উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের হয়। উপজেলার সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনাসভায় মিলিত হন। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মণীন্দ্র চন্দ্র তালুকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার প্রমুখ।