শিশুদের বিবাদ নিয়ে বড়দের ঝগড়া, বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠানে খেলা করা নিয়ে দুই শিশুর বিবাদ হয়। শিশুদের বিবাদ মিটমাট করতে গিয়ে বড়দের মধ্যে ঝগড়া বেধে যায়। এ সময় মাথায় ইটের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ষাটোর্ধ্ব এক নারী। সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়ায় গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রানী বেগম (৬৫)। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রতিবেশী ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাসার সামনে উঠানে খেলা করা নিয়ে রানী বেগমের এক নাতির সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের শিশুদের বচসা হয়। গতকাল দুপুর ১২টায় শিশুদের ওই বিবাদ নিষ্পত্তি করতে রানী বেগম বড়দের সঙ্গে বসলে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় মাথায় ইটের আঘাতে রানী বেগম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিলেট মহানগরের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত দাস প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রানী বেগমকে মারধরকারী রিপন আহমদ, তাঁর মা ও এক বোনকে গ্রেপ্তার করেছে।