শিশুদের বিষয়ে ইতিবাচক আলোচনা সরকার শুনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিতর্কের মাধ্যমে শিশুদের সুযোগ-সুবিধার কথা উঠে আসবে। সংবাদপত্রে তাদের কথা জোরালোভাবে ও বারবার লিখলে এবং টেলিভিশন টক শোতে শিশুদের জন্য যা প্রয়োজন সে বিষয়ে ইতিবাচক আলোচনা হলে সরকার তা শুনবে।
গতকাল শনিবার বাংলা একাডেমিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘গণমাধ্যমে শিশু: ধারণা ও নীতি-নৈতিকতা’ শীর্ষক এ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ঢাকা কলেজ।
প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে রানারআপ হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়। কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। বিতর্কের আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের দৃষ্টি ও রানারআপ সিলেট ডিবেট ফেডারেশন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে ‘ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন। সহযোগিতা করে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউনিসেফ।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের গণমাধ্যম শিশুবান্ধব নয়’ শীর্ষক ছায়া বিতর্ক হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের সদস্য আখতার হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত, একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আব্দুন নূর তুষার প্রমুখ।