শিশুদের বৃহস্পতি গ্রহ অবলোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘাচ্ছন্ন আকাশ। বারবার উঁকি দিচ্ছে একটি উজ্জ্বল বিন্দু। শিশু একাডেমী প্রাঙ্গণে সারি বেঁধে দাঁড়ানো শিশুদের আগ্রহ ওই বিন্দুকে ঘিরেই। কারণ ওই বিন্দুটিই হচ্ছে আয়তনের দিকে থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। গতকাল মঙ্গলবার ৪৭ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছে আসে বৃহস্পতি।শিশুদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতে বিজ্ঞানবিষয়ক সংগঠন ‘অনুসন্ধিৎসু চক্র’ গতকাল সন্ধ্যায় শিশু একাডেমী প্রাঙ্গণে টেলিস্কোপ দিয়ে এ গ্রহ দেখার আয়োজন করে। এ লক্ষ্যে একাডেমী প্রাঙ্গণে স্থাপন করা হয় আট ইঞ্চি ও চার ইঞ্চি প্রতিফলকের দুটি কেসিগ্রেন টেলিস্কোপ। আয়োজনটি শিশুদের জন্য হলেও সব বয়সের মানুষের ভিড় ছিল সেখানে।সংগঠনের অ্যাস্ট্রোনমি বিভাগের প্রধান শাহজাহান মৃধা প্রথম আলোকে জানান, বৃহস্পতি সর্বশেষ ১৯৬৩ সালে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসেছিল। এ সপ্তাহজুড়েই এটি বাংলাদেশের কাছাকাছি থাকবে। ২০২২ সালের পর পুনরায় একে একই অবস্থানে পাওয়া যাবে।অগ্রণী স্কুল ও কলেজের ছাত্রী মাইশা তাহসিনকে নিয়ে এসেছেন তার মা। টেলিস্কোপে চোখ রেখেই মাইশা জানাল, সে চারটি বিন্দু দেখতে পাচ্ছে। একটি বড় আর তিনটি ছোট। আয়োজকেরা তখন তাকে বললেন, তিনটি বিন্দু হচ্ছে বৃহস্পতির তিনটি বৃহৎ উপগ্রহ। এদের নাম হলো গ্যনিমেড, আয়ো ও ক্যলিস্ট।সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে, যার অর্থ আকাশের পিতা। বৃহস্পতির কমপক্ষে ৬৩টি উপগ্রহ রয়েছে। এগুলোর মধ্যে চারটি উপগ্রহ বৃহৎ আকৃতির। এ চারটিকে বলা হয় গ্যালিলীয় উপগ্রহ। কারণ ১৬১০ সালে গ্যালিলিও প্রথম এই চারটি উপগ্রহ আবিষ্কার করেন।