জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, শিশুদের ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন বড়দের চেয়ে বেশি। সংবাদের সুবাদে কোনো শিশু যেন বৈষম্যের শিকার না হয়, অযাচিতভাবে ব্যবহৃত না হয়, সেদিকে সংবাদমাধ্যমগুলোর বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার সিলেটের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতায় নীতি-নৈতিকতা: প্রসঙ্গ শিশু’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এমআরডিআইয়ের উদ্যোগে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনফোকাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপির সাবেক ব্যুরো চিফ ফরিদ হোসেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
সভায় সংবাদপত্রের নীতি-নৈতিকতার সার্বিক দিকনির্দেশনা ছাড়া শিশুর জন্য নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করা সম্ভব নয় বলে সবাই একমত হন। তাই শিশুদের জন্য নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যমগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রয়োজন বলে তাঁরা মনে করেন; যা সাংবাদিকতায় নীতি-নৈতিকতার চর্চা বৃদ্ধিতে সহায়ক পরিবেশ সৃষ্টি করবে।
মূল প্রবন্ধে বলা হয়, শিশুসংক্রান্ত সব খবরে নীতি-নৈতিকতার মৌলিক বিবেচনা একান্ত জরুরি। গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন যেন কোনো শিশুর জন্য কলঙ্ক, অনিষ্ট বা ক্ষতির কারণ না হয় এবং শিশুর সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি না করে—সে বিষয়ে গণমাধ্যমগুলোকে অতিশয় যত্নবান হতে হবে। একই সঙ্গে কোনো প্রতিবেদন যেন শিশুর মনে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিও নিশ্চিত করা জরুরি। এ জন্য গণমাধ্যমগুলোর জন্য নীতিমালা থাকা প্রয়োজন।
মূল প্রবন্ধ উপস্থাপন করে ফরিদ হোসেন বলেন, সাংবাদিকতার নীতিমালা কোনো আইন নয়, তা হওয়া বাঞ্ছনীয়ও নয়। কারণ, আইনি বাধ্যবাধকতা নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে পারে না। তিনি উপস্থাপিত প্রবন্ধে শিশুবিষয়ক প্রতিবেদন তৈরিতে নীতি-নৈতিকতা লঙ্ঘনের বেশ কয়েকটি উদাহরণও তুলে ধরেন।