‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে দুই শিশু গ্রেপ্তার’
শিশুদের বয়স কীভাবে যাচাই করা হয়েছিল জানাতে নির্দেশ
খুনি সন্দেহে কামরাঙ্গীরচর থেকে আটক দুই শিশুর বয়স শিশু আইন-সংশ্লিষ্ট বিধান অনুসারে কীভাবে যাচাই করা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারির মধ্যে পুলিশের লালাবাগ বিভাগের উপকমিশনার ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরবর্তী আদেশের জন্য ৪ জানুয়ারি দিন রেখেছেন আদালত।
২৪ নভেম্বর ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে দুই শিশু গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে গত রোববার চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশনের চেয়ারম্যান রিট আবেদনটি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে সিসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইনজীবী আবদুল হালিম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রুলে ওই দুই শিশুকে গ্রেপ্তার কেন শিশু আইনের পরিপন্থী ঘোষণা করা হবে না এবং শিশু দুটির পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, ডিসি লালবাগ, ওসি কামরাঙ্গীরচর, সামাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী আবদুল হালিম।
এক শিশুর জামিন: ঢাকা লালবাগ ও কামরাঙ্গীর চর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সেই দুই শিশুর মধ্যে একজনকে জামিন দিয়েছেন আদালত।
শিশুটির আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ১০ হাজার টাকা মুচলেকায় আদালত শিশুটির জামিন মঞ্জুর করেছেন। জামিন আবেদনের ওপর শুনানির সময় শিশুটিকে আদালতে হাজির করা হয়।
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা অপর শিশুর বাবা জানন, ছেলের জামিনের জন্য তিনি আদালতে আবেদন করবেন।
সাংবাদিকতার নীতিমালা ও শিশু আইন মেনে প্রতিবেদনে দুই শিশুর নাম-পরিচয় দেওয়া হচ্ছে না।