শিশুদের ভারী স্কুলব্যাগ বহন নিয়ে কেন আইন নয়?
শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন না করা এবং প্রাক্-প্রাথমিক শিশুদের স্কুলব্যাগ বহন না করতে আইন বা বিধি প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাসুদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন।
মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আইন ও শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিশুদের ভারী স্কুলব্যাগ বহন বিষয়ে ৯ আগস্ট এই রিট আবেদনটি করেন তিন আইনজীবী এস এম মাসুদ হোসেন, মো. জিয়াউল হক ও আনোয়ারুল করিম। আবেদনের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়। এসব প্রতিবেদনে বলা হয়, ভারী স্কুলব্যাগ বহন করে পিঠে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে না পারার কষ্ট নিয়ে শিশুরা চিকিৎসকদের কাছে আসছে। এদের প্রায় সবাই বলছে, স্কুলব্যাগের ওজন বেশি, বহন করতে কষ্ট হয়।
মাসুদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার শিশুদের শারীরিক ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহনে একটি নির্দেশনা জারি করেছেন। আমাদের সরকার যাতে একই রকম আইন করে, এ জন্য রিট আবেদনটি করা হয়েছে।’