শিশুদের ভিক্ষাবৃত্তি নিরসনে সমন্বিত কার্যক্রম দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক l ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক l ছবি: প্রথম আলো

শিশুদের ভিক্ষাবৃত্তি মানবাধিকার লঙ্ঘন। এটা বন্ধ করতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কার্যক্রম চালাতে হবে। যা হতে হবে টেকসই। এ ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশনের নেতৃত্বে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করতে হবে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় প্রথম আলোর উদ্যোগে ‘শিশু ভিক্ষাবৃত্তি নিরসনে সুশীল সমাজ ও করপোরেট সেক্টরের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ভিক্ষাবৃত্তিতে কত শিশু নিয়োজিত তার কোনো তথ্যভান্ডার নেই। এটা দরকার। তৈরি পোশাকশিল্পে শিশুশ্রম দূর করার উদাহরণ টেনে আনিসুল হক বলেন, শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হলে তাদের পুনর্বাসন করতে হবে। এসব শিশুকে বিদ্যালয়ে আনতে হবে। তাদের মা-বাবাকে স্বাবলম্বী করতে হবে।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করতে চায় উল্লেখ করে মেয়র বলেন, তাঁরা ইতিমধ্যে সুবিধাবঞ্চিতদের জন্য ২০০ বিদ্যালয় করার উদ্যোগ নিয়েছেন। সেখানে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া তাদের মা-বাবাকে ছোট ছোট উদ্যোক্তা বানিয়ে স্বাবলম্বী করা হবে। এ জন্য তিনি আসক, প্রথম আলোসহ সংশ্লিষ্টদের সহযোগিতার ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
মেয়র বলেন, পুলিশ দিয়ে ভিক্ষুক তুলে দেওয়া সহজ। কিন্তু তাদের জন্য কিছু না করলে সমস্যা দূর হবে না। এ জন্য সময়সীমা ঠিক করে কর্মসূচি হাতে নিতে হবে।
ভিক্ষাবৃত্তি কোনো মানুষের পেশা হতে পারে না মন্তব্য করে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, শিশুদের ভিক্ষাবৃত্তি মানবাধিকার লঙ্ঘন। ভিক্ষাবৃত্তি বন্ধ করতে সরকার ও রাষ্ট্রের দায়িত্ব অনেক বেশি। তবে সরকারের একার পক্ষেও এটা করা সম্ভব নয়। শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হলে এর কারণ বের করতে হবে। যে পরিকল্পনা নেওয়া হোক না কেন তা যেন টেকসই হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম সুলতান মাহমুদ বলেন, ঢাকা শহরে ভিক্ষাবৃত্তি দূর করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এ জন্য ভিক্ষুকদের ময়মনসিংহে স্থানান্তরের জন্য পুনর্বাসন কেন্দ্রও করা হয়। কিন্তু তারা আবার ঢাকায় চলে আসে। ফলে প্রকল্পটি ব্যর্থ হয়। এরপর রাস্তা থেকে শিশু ভিক্ষুকদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু সেখান থেকেও পালিয়ে আসে।
ভিক্ষুকদের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে ফ্ল্যাট করে দেওয়ার ব্যবস্থা করতে মেয়রের প্রতি অনুরোধ জানান যুগ্ম সচিব।
অনুষ্ঠানে আসকের জ্যেষ্ঠ উপপরিচালক গীতা চক্রবর্তী তাঁর উপস্থাপনায় বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশুর সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে একটি হিসাবে দেখা গেছে, শ্রমজীবী শিশুদের মধ্যে ৫৫ শতাংশই ঢাকা শহরে বসবাস করে। এই শিশুদের মধ্যে প্রায় ৯ শতাংশ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত।

প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘শিশু ভিক্ষাবৃত্তি নিরসনে সুশীল সমাজ ও করপোরেট খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রথম আলোর উদ্যোগে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল ‘শিশু ভিক্ষাবৃত্তি নিরসনে সুশীল সমাজ ও করপোরেট খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। প্রথম আলোর উদ্যোগে এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

আসক শিশুদের ভিক্ষাবৃত্তি প্রতিরোধে নেওয়া একটি প্রকল্প শুরুর আগে ঢাকা শহরে একটি জরিপ পরিচালনা করে। সেই জরিপের তথ্য দিয়ে গীতা চক্রবর্তী বলেন, জরিপ চলার সময় দেখা যায়, ২৩৯ জন শিশুর মধ্যে ১৮৩ জনের বয়স ছিল ১০ বছরের নিচে। ওই জরিপের ২৩৯ জনের মাত্র চারটি শিশু বলেছে, তারা ভিক্ষাবৃত্তিতে আগ্রহী। দরিদ্র পরিবারের অনেকেই উপার্জনের সহজ উপায় হিসেবে ভিক্ষাবৃত্তি বেছে নেয়।
করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) নামে অনেক শুভংকরের ফাঁকি আছে বলে উল্লেখ করেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন। শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধে সহায়তাকে বিনিয়োগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটা সিএসআর হবে কেন? এটা মানবসম্পদ উন্নয়নের জন্য বিনিয়োগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধ করতে শিশুবান্ধব পরিবার ও পরিবেশ সৃষ্টি করতে হবে। এ কাজে বেসরকারি উদ্যোগ নিতে হবে। সচেতনতার জন্য প্রচারমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিশাত ফাতেমা রহমান বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত শিশুদের অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে। অনেকে যৌন হয়রানির শিকার হচ্ছে। এসব কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তাদের বোমাবাজ হিসেবে বানানো সহজ হয়ে যায়।
ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও উন্নয়ন বিভাগের প্রধান শাগুফা আনোয়ার বলেন, এলাকাভিত্তিক তথ্যভান্ডার তৈরি করে শিশুদের চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জেহরীন বলেন, সব শিশুর জন্য একই ধরনের অধিকার থাকতে হবে। জন্মনিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বস্তির দিকে বেশি নজর দিতে হবে।
বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হচ্ছে। সেখানে এখনো এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে—যা দুঃখজনক বলে মন্তব্য করেন শাবনাজ জেহরীন।
ইকো কো-অপারেশনের কান্ট্রি প্রোগ্রাম অফিসার হাসনা হেনা খান বলেন, শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধে সমন্বিত পরিকল্পনা করে কাজ করতে হবে।
শিশুদের ভিক্ষাবৃত্তি বন্ধে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন সময় টেলিভিশনের বিপণন প্রধান আক্তার বাবু।