শিশুদের ভিটামিন-এ খাওয়ানো হবে আগামী শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু স্বাস্থ্যের উন্নয়নে আগামী শনিবার সারা দেশে ‘জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন’ পরিচালিত হবে। এতে এক থেকে পাঁচ বছর বয়সী দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে। ওই দিন দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হবে। বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন-এর অভাবে শিশুরা অন্ধত্ববরণ ও হামে আক্রান্ত হতে পারে। তা ছাড়া, ভিটামিন-এ বিভিন্ন অসুখের তীব্রতাও বাড়িয়ে দেয়। আর কৃমির কারণে শিশুদের ওজন কমে যাওয়া, শারীরিক বৃদ্ধি কম হওয়া ও রক্তশূন্যতা দেখা দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন-এ ক্যাম্পেইন একটি মাইলফলক। এতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-৪ অর্জন করা সম্ভব হবে। ২০০৪ সাল থেকে প্রতি বছর দেশে সরকারিভাবে বিনা মূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। গতকাল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী শনিবার হাসপাতাল প্রাঙ্গণে শিশুমেলার আয়োজন করা হয়েছে। শিশুমেলায় এক থেকে পাঁচ বছরের সব শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল ও দুই থেকে পাঁচ বছরের সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।