শিশুদের ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক খাওয়ানো হবে আজ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস আজ শনিবার। এ উপলক্ষে আজ সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে দুই থেকে পাঁচ বছর বয়সীদের খাওয়ানো হবে কৃমিনাশক।এবারের ক্যাম্পেইনের স্লোগান—ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই কার্যক্রম বাস্তবায়ন করবে।ক্যাম্পেইনের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে এক কোটি ৯০ লাখের বেশি শিশুকে। এ সময় ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে।দেশব্যাপী সরকারি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এক লাখ ৪০ হাজার স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও এলবেন্ডাজল বড়ি খাওয়ানো হবে। এ কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে প্রায় সাড়ে চার লাখ কর্মী নিয়োজিত থাকবেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে এই ক্যাম্পেইন রাতকানা রোগ, অন্ধত্ব ও কৃমিজনিত অপুষ্টির সমস্যা দূর করবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে বলেন।