শিশুদের ভিটামিন 'এ' খাওয়ানো হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আগামীকাল শনিবার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের সব ইপিআই কেন্দ্রে এই ভিটামিন ক্যাপসুল খাওয়াবেন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্ব) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য খাতের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, বিএনপি পরাজয় মানতে পারে না। পরাজয়ের মুখোমুখি হলেই পালিয়ে যায়। পালানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে, পালানোর রোগে ধরেছে। এই রোগের কোনো ওষুধ আছে কি না, তা উপস্থিত চিকিৎসকদের কাছে জানতে চান তিনি। তিনি বলেন, রাজনীতিবিদেরা রাজপথে খেলা করেন। কিন্তু কোনো দিন শোনা যায়নি, একজন সাবেক প্রধানমন্ত্রী একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠিয়েছেন। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আপনাকে লাল নোটিশ দেওয়া হবে।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
আয়োজকেরা বলেন, দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রে ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থাকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী কেন্দ্র ছাড়াও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে (ফেরিঘাট, লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেলস্টেশন এবং বঙ্গবন্ধু সেতু, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু) এই কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী এই টিকা খাওয়াবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠকর্মীদের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মা, বাবা ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার।