শিশুদের মধ্যে বৈষম্য ৩৫ শতাংশ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্য সবচেয়ে তীব্রভাবে আঘাত করে শিশুদের। গত দুই দশকে ধনী ও দরিদ্র শ্রেণীর শিশুদের মধ্যে বৈষম্য ৩৫ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, বৈষম্য শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলে।প্রতিষ্ঠানটি ১৯৯০ সাল থেকে বাংলাদেশসহ ৩২টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেছে। তাতে দেখা গেছে, এসব দেশের দরিদ্রতম ১০ শতাংশ পরিবারের শিশুদের সম্পদ ব্যবহারের পরিমাণ কমেছে। অন্যদিকে ধনীতম ১০ শতাংশ পরিবারের শিশুদের সম্পদ ব্যবহারের পরিমাণ বেড়েছে। ‘বর্ন ইক্যুয়াল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ধনী ও দরিদ্র পরিবারের শিশুদের সম্পদ ব্যবহারের পার্থক্য ৩৫ শতাংশ বেড়েছে।প্রতিবেদনে বলা হচ্ছে, এই ৩২টি দেশের ধনী ও দরিদ্র পরিবারের বয়স্কদের সম্পদ ব্যবহারে বৈষম্য আছে। তবে শিশুদের ক্ষেত্রে বৈষম্য ব্যাপকতর। এর অর্থ, বৈষম্যের প্রভাব শিশুদের ওপর অনেক বেশি।সেভ দ্য চিলড্রেন বলছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণের কাজ শুরু হওয়ার পর থেকে অনেক অর্জন সম্ভব হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যু কমেছে। বৈশ্বিক এসব অগ্রগতির আড়ালে বৈষম্যের বিষয়টি অনেকখানি ঢাকা পড়ে আছে। দারিদ্র্য, ক্ষুধা, শিশুমৃত্যু, শিক্ষা—এসব ক্ষেত্রে অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, ধনী-দরিদ্র, শহর-গ্রাম, জাতিগোষ্ঠী বা জেন্ডারের কারণে অনেকে বহু পেছনে পড়ে আছে। দারিদ্র্য ও বাদ দেওয়ার (এক্সক্লুশান) কাঠামোগত কারণেই এই বৈষম্য তৈরি হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, বৈষম্যের প্রভাব পড়ে শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষায়। এ ক্ষেত্রে ব্রাজিল, কানাডা, চীন, চাদ, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাজ্য—এই আটটি দেশের তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, নাইজেরিয়ায় দরিদ্রতম পরিবারে শিশুমৃত্যুর হার ধনীতম পরিবারের চেয়ে দ্বিগুণের বেশি। চীনের গ্রামাঞ্চলে খর্বাকায় (বয়সের তুলনায় উচ্চতা কম) শিশুর সংখ্যা শহরের চেয়ে ছয় গুণ বেশি। ইন্দোনেশিয়ায় স্কুলে নাম না লেখানো মেয়ের সংখ্যা ছেলেদের চেয়ে তিন গুণ বেশি। নাইজেরিয়ায় ছেলেদের স্কুলে ভর্তির হার ৫৬ শতাংশ, আর মেয়েদের ৪৪ শতাংশ।৫৪ পৃষ্ঠার চার অধ্যায়ের এই প্রতিবেদনের শেষ অধ্যায়ে করণীয় বিষয়ে কিছু সুপারিশ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈষম্যের বিষয়টিকে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রভাগে ও কেন্দ্রে আনতে বলা হয়েছে। এ জন্য কিছু স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে যেন অগ্রগতি বৈষম্যহীনভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার নীতি গ্রহণ করার অনুরোধ জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।