শিশুদের মাতৃদুগ্ধ পানের হার কমা দুঃখজনক: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে শিশুদের মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার ঘটনা দুঃখজনক। দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতির জন্য অচিরেই জাতীয় পুষ্টি পরিষদকে সক্রিয় করা হবে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশীয় শাক-সবজি ও ফল খেলে আমরা আমাদের অপুষ্টি দূর করতে পারি। কিন্তু তার পরিবর্তে আমরা শিশুদের ফাস্ট ফুড খাওয়াচ্ছি। এটা দেশের পুষ্টি পরিস্থিতিকে নাজুক করছে।’
অনুষ্ঠানে বিশিষ্ট পুষ্টিবিদ এম কিউ কে তালুকদার বলেন, খর্বকায়, কৃশকায় ও কম ওজনের শিশুর হার বাংলাদেশে অনেক বেশি। এই অবস্থা কাটাতে সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ বক্তব্য দেন।