প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কাঁধ থেকে অতিরিক্ত বইয়ের বোঝা কমানোর উপায় খুঁজতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শিশুদের ওপর বই এবং লেখাপড়ার অতিরিক্ত বোঝা চাপিয়ে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করবেন না।’রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১১ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত করা প্রয়োজন। তিনি বলেন, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে শিশুদের সম্পৃক্ত করতে পারলে মাদকাসক্তি থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে।প্রধানমন্ত্রী শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে বাবা-মায়েদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সম্প্রতি মায়েরা তাঁদের সন্তান নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এটা শিশুদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর।প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার জায়গা রাখা উচিত। শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। একটি সুন্দর সমাজ গড়তে সদ্য প্রণীত শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শতভাগ শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে চায়। এ ছাড়া সরকার ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে সরকারের ‘রূপকল্প-২০২১’ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, তাঁর সরকার গত দুই বছরে ৫৪ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। এক হাজার ৬২৪টি স্কুলকে এমপিওভুক্ত করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ৪১৪টি ল্যাপটপ বিতরণ ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম মোতাহার হোসেন ও সচিব এ কে এম আবদুল আউয়াল।