শিশুদের মুক্ত জ্ঞানচর্চার সুযোগ করে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার ল্যাবরেটরি স্কুলে শিশুশিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার ল্যাবরেটরি স্কুলে শিশুশিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, যদি শিশুকে সঠিকভাবে পরিচর্যা করা হয়, অবাধ স্বাধীনতা দিয়ে মুক্ত জ্ঞানচর্চার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তাদের পক্ষে সবকিছুই জয় করা সম্ভব।
গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের ল্যাবরেটরি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচি সম্প্রসারণ প্রকল্পের মতবিনিময়, উদ্বুদ্ধকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।
অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিশুদের মধ্যে অসীম শক্তি লুকায়িত আছে। তাদের জীবন স্বপ্নে ভরা। তিনি আরও বলেন, ‘আজকের দিনে অভিভাবকেরা সন্তানদের স্বপ্ন দেখান অন্যের উদাহরণ দিয়ে। কিন্তু একবারের জন্যও বলেন না, শিশুকে নিজের মতো করে বড় হতে। জানতে চান না বা বুঝতে চান না তাদের ইচ্ছা-অনিচ্ছা। অকারণে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে পড়াশোনার অতিরিক্ত চাপ। এ কারণে শিশুরা প্রকৃত জ্ঞানী হয়ে উঠতে পারছে না। শিশুরা তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রকৃত শক্তিটা বের করার সুযোগ পায় না। তাই শিশুদের শিকল দিয়ে মাটিতে বেঁধে না রেখে মুক্তভাবে আকাশে ওঠার সুযোগ দিন।’
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, একটি শিশুকে যদি একটি গাছ রোপণের পরে পরিচর্যা করে বড় করতে দেওয়া হয়, তাহলে ওই গাছের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশুও নিজেকে বিকশিত করতে পারবে। কারণ সে বুঝতে পারবে, একটি গাছকে কীভাবে যত্ন নিলে বড় হয়। একই সঙ্গে ওই শিশু প্রকৃতির প্রেমে পড়ে অসাধারণ মানবিক হয়ে উঠবে। যত বেশি সম্ভব শিশুদের মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ নির্মল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ ফারজানা হাসান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান পরামর্শক কামাল উদ্দিন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের কক্সবাজার ইউনিটের সহকারী গ্রন্থাগারিক তাওহিদুল ইসলাম জানান, চলতি মাসে গান, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১৩০ জনের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে।