শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে হেব্বি গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একঝাঁক তরুণ-তরুণী। সতেজ প্রাণ সবাই শিক্ষার্থী। কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউবা পড়াশোনার গণ্ডি পেরিয়ে সবে চাকরিতে ঢুকেছেন। সর্বসাকুল্যে ওরা ৭০ জন। পরনে হলুদ টি-শার্ট। গলায় পরিচয়পত্রের কার্ড। চোখেমুখে উচ্ছ্বাস। কখনো নিজেদের মধ্যে শলাপরামর্শ, কখনো ছড়িয়ে পড়ছেন মানুষের মধ্যে।

সবার একই উদ্দেশ্য। শিশুদের মুখে হাসি ফোটানো, মানুষের দ্বার প্রান্তে গিয়ে সেবা করা। বলছিলাম ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপের কথা। ২০১৮ সালের জুন থেকে যাত্রা শুরু এ গ্রুপটির। শুরুর দিকে ফেসবুকে সংঘবদ্ধ হলেও পরবর্তীকালে কার্যক্রম ছড়িয়ে পড়েছে পুরো জেলাব্যাপী। অলাভজনক ও অরাজনৈতিক এ সংগঠনের নানামুখী কার্যক্রম চলে সারা বছরই।

ঝিনাইদহ শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও কাজের ঢের প্রাপ্তি। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সংগঠনটি। শহরজুড়ে রয়েছে সুনাম। করোনা দুর্যোগের সময়েও ঝিনাইদহের হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের তরুণেরা মানুষের সেবা করছেন। করোনা সচেতনতায় লিফলেট, মাস্ক বিতরণ, সাবান, তিন শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা প্রদান, ঈদের আগে পঞ্চাশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের লক্ষ্য’ স্লোগান নিয়ে দুই বছর ধরে কাজ করে চলেছে মফস্বল শহরের এ সংগঠনটি। সমাজের হতদরিদ্র পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো হেব্বি গ্রুপের মূল উদ্দেশ্য। তবে এসবের বাইরে নিয়মিত রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান, মসজিদ–মাদ্রাসায় প্রয়োজনীয় আসবাব কিনে দেওয়া, মেহেদি উৎসব, বৃদ্ধা আশ্রমের নিয়মিত খাবার আর তাদের শাড়ি দেওয়া, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সেবামুখী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন তরুণেরা।

গরিব, দুঃখী, অসহায় শিশুদের জন্য এসব জামা কেনা হয় হেব্বি গ্রুপের নিয়মিত সদস্যদের নিজেদের টাকায়। সদস্যরা প্রায় ৯০ ভাগই তরুণ। ঈদ-পূজা ছাড়া দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে, অসুস্থকে চিকিৎসা সহায়তা দিতে অর্থ দেন স্বেচ্ছাসেবকেরা। তাঁরা কেউ টিউশনির টাকা, নাশতার টাকা, মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকেন।

তরুণপ্রাণ ছাড়াও অনেকেই সংগঠনটির পাশে সময়ে অসময়ে থেকেছেন। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তরুণেরা যাতে দক্ষ হতে পারেন, সেসব দেখভাল করার দায়িত্বও তাদের। হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আছেন আইনজীবী ফারুক ইমরান, সহসভাপতি মাহমুদ আল হাসান সাগর এবং প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহান লিমন।

জাহান লিমন বলেন, ‘জেলা শহর ঝিনাইদহে গত দুই বছরে কাজের অভিজ্ঞতায় বেশি অর্জন আমাদের। আর আমরা যারা কাজ করি, এর অধিকাংশই তরুণ। অদূর ভবিষ্যতে সংগঠনকে বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আর সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর প্রত্যয়েই সংগঠনের পথচলা। উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, ফেসবুকে যখন হাজার হাজার গ্রুপ বিভিন্ন প্রকার ট্রোল পোস্টের মাধ্যমে রং–তামাশায় ব্যস্ত, তখন আমি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো জন্য হেব্বি গ্রুপটা খুলি। পরে সবার মধ্যে সাড়া পাওয়ায় শিশুদের নিয়ে কাজের পাশাপাশি সামাজিক নানা কাজ করে চলেছি এখন।’

এ ছাড়া ঝিনাইদহের বাইরেও কাজের প্রসার ঘটেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনের। নিঃস্বার্থে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই সংঠনের একমাত্র লক্ষ্য। ইতিমধ্যে ১৩টি জেলার তরুণ-তরুণীরা এক হয়ে কাজ করছেন ঝিনাইদহের হেব্বি গ্রুপ নামের এ স্বেচ্ছাসেবী সংগঠনে।

*শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা