শিশুদের যক্ষ্মার টিকা নেই দেড় মাস
হরতাল ও অবরোধের কারণে পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় দেড় মাস ধরে বরগুনায় শিশুদের যক্ষ্মার টিকাদান (বিসিজি) কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যান্য টিকার মজুতও চলতি মাসে শেষ হয়ে যাবে। এতে জেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বন্ধের আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক বলেন, টিকা দিতে বিলম্ব হলে এর কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ১২ নভেম্বর এ কার্যালয় থেকে ২ হাজার ৭৭৭ শিশি (ভায়াল) যক্ষ্মার টিকার চাহিদাপত্র ঢাকার মহাখালীতে ইপিআই সদর দপ্তরে পাঠানো হয়। কিন্তু অবরোধ ও হরতালের কারণে টিকা ঢাকা থেকে পাঠানো হয়নি। জেলায় যে পরিমাণ বিসিজি টিকা মজুত ছিল, তা দিয়ে ডিসেম্বর মাসের কার্যক্রম চালানো হয়। কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এ পর্যন্ত কোনো শিশুকে বিসিজি টিকা দেওয়া যায়নি।
জেলা ইপিআই তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তারা বলেন, শিশুর জন্মের পর ছয় সপ্তাহের মধ্যে জীবনরক্ষাকারী যে নয়টি টিকা দেওয়া হয়, তার প্রথমটি হচ্ছে বিসিজি বা যক্ষ্মার টিকা। জেলায় প্রতি মাসে প্রায় ৯০০ শিশি বিসিজি টিকার চাহিদা থাকে। কিন্তু এ বছরের শুরু থেকে চাহিদার বিপরীতে এক শিশি টিকাও সংরক্ষিত নেই। প্রতি শিশি টিকা ১০টি শিশুকে দেওয়া যায়। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন উপজেলায় ৯৪২টি ইপিআই কেন্দ্রে জানুয়ারি মাস থেকে নবজাতকদের বিসিজি টিকা দেওয়া বন্ধ রয়েছে।
বরগুনা সদরের কয়েকটি ইপিআই কেন্দ্রের কয়েকজন কর্মী পরিচয় গোপন রাখার শর্তে জানান, বিসিজি টিকা সরবরাহ বন্ধ থাকায় টিকাদান কর্মসূচির নির্ধারিত দিনে অনেক শিশুকে ফিরিয়ে দিতে হচ্ছে। জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উৎপল মজুমদার বলেন, সংশ্লিষ্ট ইপিআই কেন্দ্রে তাঁর নবজাতককে বিসিজি টিকা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু দিতে পারেননি। এতে কোনো সমস্যা হতে পারে কি না, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।
জেলা ইপিআই তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা গত নভেম্বর মাসে বিসিজি টিকার চাহিদাপত্র ঢাকায় পাঠিয়েছি। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো সাড়া পাইনি। আমরা প্রতিদিনই ঢাকায় যোগাযোগ করছি।’
সিভিল সার্জন মো. রুস্তম আলী বলেন, ‘দুই মাস ধরে আমরা বিসিজি টিকা পাচ্ছি না বলে শিশুদের এই টিকাদান বন্ধ রয়েছে। অন্য টিকাগুলোর যে মজুত আছে, তা দিয়ে চলতি মাস চালিয়ে নেওয়া যাবে। বিসিজি টিকা এক বছরের মধ্যে যেকোনো সময় দেওয়া যায়। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।