শিশুদের রাজনীতিতে ব্যবহার ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা ঠিক নয়। শিশুদের ভোট নেই, তাদের রাজনীতিতে জড়ানো উচিত নয়। গতকাল শনিবার সন্ধ্যায় বিবিসি বাংলাদেশ সংলাপে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার কতটুকু যৌক্তিক—এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। একই প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘শিশুদের ব্যবহার মোটেই যৌক্তিক নয়। আমি এর বিরুদ্ধে।’মাসিক আল কাওসার পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শরিফ মোহাম্মদ বলেন, ‘শিশুদের রাজনীতিতে না জড়ানোটাই আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা।’ব্লগার আইরিন সুলতানা বলেন, ‘ব্যবহারটা কোথায় কীভাবে হচ্ছে, এটা দেখতে হবে। শিশুদের আমি দেশের ঐতিহ্য সম্পর্কে জানাতে পারি, তাকে লাল-সবুজ পতাকা সম্পর্কে জানাতে পারি, সব ধর্মকে কীভাবে শ্রদ্ধা করতে হয়, তা জানাতে পারি।’গতকাল সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা সার্ভিস ও বিবিসি মিডিয়া অ্যাকশন এ সংলাপের আয়োজন করে। বর্তমানে দেশে যে সংঘাতময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার শেষ কোথায়?—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যেখানে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মোড় আছে, সেখানে সিদ্ধান্ত নিতে হয়। এসব বিষয় মীমাংসায় এক পক্ষকে হারতে হয়। এই মুহূর্তে গণতন্ত্র, সংবিধান বনাম জঙ্গিবাদ বিষয়টির নিষ্পত্তি করতে হবে। জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে এগোনো যাবে না।মাহবুবুর রহমান বলেন, ‘এ প্রশ্ন আমারও। এর উত্তরণ হতে পারে গণতন্ত্রের চর্চা করে। নির্বাচন হলে ঠিক হয়ে যাবে।’ মাওলানা শরিফ মোহাম্মদ বলেন, ‘আমাদের নিয়ন্ত্রিত হতে হবে। এক পক্ষকে হারতে হবে, আরেক পক্ষকে জিততে হবে—এটা ঠিক নয়। কারও মত কেউ না-ও নিতে পারে। বৈচিত্র্যের মাঝে ঐক্য খুঁজতে হবে।’ আইরিন সুলতানা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—আমরা এর প্রতিফলন দেখতে চাই। এ মুহূর্তে এর চর্চা শুরু করতে হবে।’ইসলাম ধর্মের অবমাননা হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধানের দাবির বিষয়ে প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমান সংবিধানে আছে, কোনো ধর্মীয় বিষয়ে অনুভূতিতে আঘাত করা বা উত্তেজনা সৃষ্টি করা নিষেধ। আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে দুই থেকে দশ বছর পর্যন্ত সাজা আছে। এ ধরনের দাবি উত্থাপন করা অপ্রয়োজনীয়। নতুন আইনের কোনো প্রয়োজন নেই। মাহবুবুর রহমান বলেন, ‘ইসলামের শিক্ষা শান্তির ও উদারতার। ইসলামের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ শ্রদ্ধা করি। সর্বোচ্চ শাস্তি সমর্থন করি না।’ একই ধরনের মত দেন আইরিন সুলতানাও। তবে শরিফ মোহাম্মদ বলেন, এটা একটা অভিব্যক্তি বা মত। এই দাবিটা আক্রমণাত্মক নয়।সংলাপ অনুষ্ঠানের উপস্থাপনা করেন আকবর হোসেন।