শিশুদের রাস্তায় নামাল সেই বেসরকারি স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালিয়াতির অভিযোগে বাতিল করা বৃত্তি পুনর্বহালের দাবিতে শিশুদের মানববন্ধন l ছবি: প্রথম আলো
জালিয়াতির অভিযোগে বাতিল করা বৃত্তি পুনর্বহালের দাবিতে শিশুদের মানববন্ধন l ছবি: প্রথম আলো

রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের বৃত্তি জালিয়াতির অভিযোগ ওঠার পর তদন্ত করে শিক্ষা অধিদপ্তর। বাতিল করে প্রতিষ্ঠানটির প্রায় সব কটি বৃত্তি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি শিশুদের প্রায় ৪০ মিনিট রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।

প্রতিষ্ঠানটির নাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল। তদন্তের পর শিক্ষা অধিদপ্তর রাজশাহীর পবা থানার ৩০টি ট্যালেন্টপুলের বৃত্তি বাতিল করে। এর মধ্যে শুধু শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলেরই ১৪টি বাদ পড়েছে। সংশোধিত ফলাফলে এই স্কুলের মাত্র একজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই শিক্ষার্থী প্রথম (২০১৫ সালে) প্রকাশিত ফলাফলে বৃত্তিবঞ্চিত হয়েছিল।

গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের পক্ষ থেকে জীবনবীমা ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে শিশুদের হাতে বিভিন্ন ফেস্টুন ধরিয়ে দেওয়া হয়। মানববন্ধনে প্রতিষ্ঠানটির শিক্ষক গোলাম রাব্বানী ও তাঁদের পরিচালিত কোচিং সেন্টারের কর্মকর্তা পলাশ খান বক্তব্য দেন। তিনি বৃত্তি বাতিল করা শিক্ষার্থীদের খাতাগুলো পুনরায় যাচাই করার দাবি জানান।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল খায়ের বলেন, এখন মন্ত্রী এলেও শিশুদের রাস্তায় নামানো হয় না। শিশুদের রাস্তায় নামিয়ে কারও আন্দোলন করার অধিকার নেই। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফলাফল সংশোধনের জন্য শুরু থেকেই সুশিক্ষা আন্দোলন মঞ্চের ব্যানারে অভিভাবকেরা আন্দোলন করে আসছিলেন। এই সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, সংশোধিত ফলাফলের ব্যাপারে কারও আপত্তি থাকলে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু প্রতিবাদের নামে কোমলমতি শিশুদের এভাবে রাস্তায় নামানো অমানবিক।

অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ায় রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) মেয়েসহ ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া ৪০ শিক্ষার্থীর বৃত্তি বাতিল করা হয়। তাদের স্থলে নতুন ৪০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। আরও ২২ জনের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

স্কুলের উপশহর শাখার ইনচার্জ বিরাজ আহাম্মেদ ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন। শিশুদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে শিশুদের বৃত্তি বাতিল করা হয়েছে, তাদের অভিভাবকেরাই এর আয়োজন করেছেন। কিন্তু সব ফেস্টুনের নিচেই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের নাম লেখা হয়েছে। তাহলে প্রকৃত আয়োজক কারা জানতে চাইলে তিনি বলেন, অনেক অভিভাবক কান্নাকাটি করেছেন। তারা (নর্থ সাউথ স্কুল) তাঁদের মানববন্ধন আয়োজনে সহযোগিতা করেছে।