শিশুদের রোদে দাঁড় করিয়ে চেয়ারম্যান প্রার্থীকে অভ্যর্থনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন পেয়ে ঢাকা থেকে ফিরেছেন। সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাঁকে এলাকায় অভ্যর্থনা জানান। তাঁকে অভিনন্দন জানাতে একটি বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থীকে রোদের মধ্যে সড়কে দাঁড় করিয়ে রাখা হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকতারের চর ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহ আলম চৌকিদার।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকাল ১০টার দিকে কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে এলাকায় আসেন শাহ আলম চৌকিদার। তাঁকে অভিনন্দন জানানোর জন্য মহিষখোলা উচ্চবিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। শাহ আলম চৌকিদার ওই এলাকা থেকে চলে যাওয়ার পর বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান রাঢ়ি বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে সংসদ নির্বাচনে কাজ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলম চৌকিদারকে ২০০৮ সালে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের মনোনয়নের জন্য তৃণমূল থেকে তাঁর নাম প্রস্তাবও করা হয়নি। এরপরও রহস্যজনকভাবে তিনি মনোনয়ন পেয়েছেন। দলের বদনাম করার জন্যই তিনি শোভাযাত্রা করে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখেন।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ক্লাস না করে শিক্ষকেরা সব শিক্ষার্থীকে রাস্তায় পাঠিয়ে দেন। রাস্তার দুপাশে তাদের দাঁড় করিয়ে রাখা হয়। এক ঘণ্টা পর শাহ আলম চৌকিদার আসেন। ফুল ছিটিয়ে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়।রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়েছে।

শাহ আলম চৌকিদার বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এলাকার সকল মানুষ খুশি হয়েছেন। ঢাকা থেকে এলাকায় আসার পথে অনেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন। স্কুলের শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে বলিনি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবীবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের রোদের মধ্যে রাস্তায় দাঁড়াতে বাধ্য করিনি। তারা নিজেরা শাহ আলম চৌকিদার অভিনন্দন জানানোর জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে।’