শিশুদের লক্ষ্যবস্তু না করতে ছয় সংস্থার আহ্বান
শিশুদের রাজনৈতিক সহিংস ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ছয়টি বেসরকারি সংস্থা। গত রোববার সংস্থাগুলো চলমান রাজনৈতিক সহিংসতায় শিশু হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সহিংস ঘটনার শিকার শিশুদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে। সংস্থাগুলো বলেছে, রাজনৈতিক দলগুলো যেন সহিংস ঘটনায় অংশ নেওয়ার জন্য শিশুদের অর্থ না দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথম আলোর সংবাদে দেখা গেছে, গত এক মাসে সহিংস ঘটনায় চার শিশু নিহত হয়েছে এবং ১০ শিশু আহত হয়েছে। আহত অনেক শিশু স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শিশু হতাহতের ঘটনা গণমাধ্যমে প্রচার হওয়ায় অনেক শিশুর ওপর তা বিরূপ প্রভাব ফেলছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, তেরে দে হোমস ও চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যাসেম্বলি যৌথভাবে এ বিবৃতি দিয়েছে। বিজ্ঞপ্তি।