শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় ফোকাস বাংলাদেশ ও পদ্য আর্ট ওয়ার্কশপ নামের দুটি সংগঠনের অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

গত ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে ভারত কলাকেন্দ্র ও প্রগতি আয়োজিত এক আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের সবাই পদ্য আর্ট ওয়ার্কশপের শিক্ষার্থী। প্রতিযোগিতায় তারা চার বিভাগে ৮টি বিজয়ী পুরস্কার ও ৩২টি বিশেষ পুরস্কার অর্জন করে।

গতকালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের শিশুদের এই সাফল্যে আমি শুধু অভিভূত হইনি, অনুপ্রাণিতও হয়েছি। আমি অভিভাবকদের বলব, তাঁরা যেন তাঁদের সন্তানদের শিল্পচর্চায় উৎসাহিত করেন। যাতে তারা একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক ও শিল্পী আবদুস শাকুর শাহ বলেন, ছবি আঁকার চর্চা শিশুর কল্পনাশক্তিকে বিকশিত করে। শিশু তার পৃথিবীটাকে বড় করে দেখতে শেখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পদ্য আর্ট ওয়ার্কশপের পরিচালক ও ফোকাস বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ কাওসার হোসেন।