শিশুদের শৈশব ছিনিয়ে নিচ্ছেন বড়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়রাই ‘অপহরণ’ করছেন শিশুদের আনন্দময় শৈশব। শহুরে শিশু, গ্রামীণ শিশু অথবা উচ্চবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের শিশু, সুবিধাভোগী বা সুবিধাবঞ্চিত শিশু—কোনো স্তরের শিশুরাই বাদ নেই এ তালিকা থেকে। এই সময়ের শিশুদের শৈশব থাকলেও তাতে আনন্দ নেই। শিশুদের খেলার জায়গা নেই, সময়ও নেই। বড়রা শিশুর কাঁধে চাপিয়ে দিচ্ছেন বইয়ের বোঝা। পরীক্ষায় জিপিএ-৫ পেতেই হবে—বড়দের এ ধরনের আবদারে নানামুখী চাপে শিশুরা বিধ্বস্ত।

‘আনন্দময় শৈশব চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক নজরুল ইসলাম। সার্ফ এক্সেলের সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো। প্রথম আলো কার্যালয়, কারওয়াবাজার, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
‘আনন্দময় শৈশব চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অধ্যাপক নজরুল ইসলাম। সার্ফ এক্সেলের সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করে প্রথম আলো। প্রথম আলো কার্যালয়, কারওয়াবাজার, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম

আজ শনিবার প্রথম আলো আয়োজিত ‘আনন্দময় শৈশব চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া আলোচকেরা এ কথা বলেছেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সার্ফ এক্সেলের সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শিশুদের শৈশবকে আনন্দময় করতে পরিবার, সমাজ, রাষ্ট্র—সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং প্রথম আলোর উপদেষ্টা গওহার নঈম ওয়ারা।

গোলটেবিল বৈঠকে নগর পরিকল্পনাবিদ সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিভিন্ন আলোচনায় মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের শিশুদের কথা প্রাধান্য পায়। আলোচনায় আনতে হবে নিম্নবিত্ত ও শহুরে বস্তিতে বসবাসকারী শিশুদেরও কথা। সুন্দর শৈশব চাইলে আগে থাকা-খাওয়ার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের শিশুদের নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বের হতেই দেওয়া হচ্ছে না। সিসিটিভি দিয়ে সুরক্ষিত করে রাখা হচ্ছে। মাঠ দখলসহ বিভিন্ন কারণে সবুজ ঘাসে পা রাখার সুযোগ পায় না শিশুরা।

বৈঠকে শিশু প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল সাতক্ষীরার নবম শ্রেণির শিক্ষার্থী ক্ষুদ্র জাতিসত্তার সুপ্রিয়া মুন্ডা। সে জানাল, তার খেলার জায়গার অভাব নেই, তবে সমাজে বা স্কুলের অন্য শিশুরা তার সঙ্গে মিশতে চায় না, খেলতে চায় না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, শিশুদের শৈশবকে অপহরণ করছেন বড়রা। একেক ধরনের শিশু একেক ধরনের বঞ্চনা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সব শিশুর কথা মাথায় রেখে সামগ্রিকভাবে শিশুদের বিষয়টি চিন্তা ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।
মনজুর আহমদ জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়নের বিষয়টিতে জোর দেন। তিনি বলেন, এ সনদের ৫৪টি ধারায় শিশুর বিকাশ, উন্নয়নসহ সামগ্রিক বিষয়েই বলা আছে।

গোলটেবিল বৈঠকের শুরুতে ইউনিলিভারের পরিচালক তানজিন ফেরদৌস সার্ফ এক্সেলের পক্ষ থেকে করা দুটি ভিডিও চিত্র দেখান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সুর মিলিয়ে সার্ফ এক্সেলও বিশ্বাস করে, শিশুদের অন্তত এক ঘণ্টা বাইরে খেলতে দিতে হবে। আর কাপড়ে ময়লা লাগবে ভয়ে মাটি, পানিতে নামতে না দিলে তাদের অনেক কিছুই অজানা থেকে যাবে।

অন্যান্য আলোচকদের বক্তব্য
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা শিশুর আনন্দময় শৈশবকে শিশুর মানবাধিকার বলে উল্লেখ করেন। পথশিশুসহ দরিদ্র শিশু যাদের থাকার জায়গা নেই, খাওয়ার সংস্থান নেই, তাদের শৈশব বলে কিছু আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিষিদ্ধ করে যে তালিকা করেছে, তার বাস্তবায়ন হচ্ছে না। শিশুদের নিরাপদ রাখাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। শিশুরা ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে।
মনোচিকিৎসক অধ্যাপক মোহিত কামাল বলেন, শিশুদের মনস্তত্ত্ব বুঝতে হবে। সুবিধাভোগী শিশুদের ফার্মের মুরগির মতো নাদুসনুদুস করে বড় করা হচ্ছে। তারা কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে পারে না। অল্পতেই তারা মনোচিকিৎসকদের রোগী হয়ে যাচ্ছে।

নারীপক্ষের সদস্য ইউ এম হাবিবুন নেসা বলেন, শিশুদের মধ্যে মেয়ে শিশুরা বেশি বঞ্চিত হচ্ছে। শিশু আইনসহ দেশের ৩০টির বেশি শিশু-সংশ্লিষ্ট আইনকে যুগোপযোগী ও বাস্তবায়নের বিষয়টিতে তিনি জোর দেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের পরিচালক ও আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম রাজধানীর একটি এলাকার উদাহরণ দিয়ে বলেন, ১৮ কাঠা জমিতে ৭২টি ফ্ল্যাট। শিশুরা করিডোরে খেললেও শব্দ হয় বলে অন্য ফ্ল্যাট থেকে আপত্তি জানানো হয়।

ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আরা বেগম বলেন, সরকার প্রাক্‌-প্রাথমিকে খেলার ছলে শিশুদের শেখাচ্ছে। অনেক স্কুলের নিজেদের মাঠ না থাকলেও আশপাশের মাঠে খেলার আয়োজন করছে।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের আদিবাসী শিশু শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক মেহেরুন নাহার রোহিঙ্গা শিশুসহ বিভিন্ন শিশুর বেলায় বড়রাই শিশুদের শৈশব চুরি করে ফেলছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিভিন্ন কারণে পাহাড়ে বসবাসকারী শিশুরাও এখন আর ভালো থাকতে পারছে না।

জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন বলেন, পুরান ঢাকায় খেলার মাঠের ব্যবস্থা ও কিছু খেলার সামগ্রী দেওয়া হয়েছিল। সরকারের কিশোর উন্নয়ন কেন্দ্রেও ইউনিসেফের সহায়তায় কিছু খেলার সামগ্রী দেওয়া হয়েছিল। তবে সেগুলো শিশুরা নষ্ট করে ফেলবে বলে বাক্সবন্দী করে রাখা হয়েছে। আর বস্তির শিশুদের মাঠেই নামতে দেওয়া হয় না।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা সুলতানা বলেন, শিশুর আনন্দময় শৈশবের জন্য ইতিবাচক প্যারেন্টিং, ভীতিহীন শিক্ষাব্যবস্থা এবং সামাজিক নেটওয়ার্ককে শক্তিশালী করতে হবে।

টেলিভিশন ব্যক্তিত্ব শারমিন নাহার লাকী শুধু কথা না বলে নিজ নিজ জায়গা থেকে শিশুদের জন্য কাজ করতে হবে বলে উল্লেখ করেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের শিক্ষা বিভাগের প্রধান মুরশীদ আকতার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন একটা পিরিয়ড শিশুদের খেলার জন্য রাখার ওপর জোর দেন। তিন থেকে পাঁচ বছরের শিশুদের খেলার বাইরে কোনো অবস্থাতেই একাডেমিক শিক্ষা দেওয়া যাবে না, এ ধরনের পরিপত্র জারির জন্য সরকারের কাছে আহ্বান জানান।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের জাতীয় খেলোয়াড় মাহফুজা খাতুন শীলা শুধু খেলার মাঠ নয়, শিশুরা সাঁতারসহ যাতে প্রতিটি খেলার পরিবেশ পায়, তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর ফিচার রাইটার আইরিশ ফারিনা রাজধানীর নামকরা একটি স্কুলের একজন শিক্ষার্থীর উদাহরণ দিয়ে বলেন, ওই শিশুর স্কুলে স্পোর্টস হচ্ছে, কিন্তু সে স্কুলে যাচ্ছে না। এর কারণ জানতে চাইলে ওই শিশু বলে, সে স্কুলে যাবে না, ঘুমাবে।