শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিশুদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিমনা ও ক্রীড়াপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমরা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’বঙ্গবন্ধুর ৯২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা শিশুদের ভালোবাসতেন। তিনি নিজের বইপত্র দরিদ্র শিশুদের দিয়ে দিতেন। স্কুলে যেতেন হেঁটে। নিজের খাবার স্কুলের সহপাঠীদের বাড়িতে ডেকে নিয়ে ভাগ করে খেতেন।’শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের অবহেলা করবে না। তাদের সাহায্য ও সহযোগিতা করবে। মুরব্বি ও শিক্ষকদের মেনে চলবে।’শেখ হাসিনা বলেন, ‘মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এ মাসে জাতির পিতার জন্মদিন। ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এবার এ মাসে আমরা সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে মামলায় জয়ী হয়েছি। সমুদ্রে আমরা বাংলাদেশের সমান আরেকটি ভূখণ্ড পেয়েছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা দেশে নিজেরা ল্যাপটপ তৈরি করছি। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার দেওয়া হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করে গোপালগঞ্জ সরকারি বীণাপাণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রেয়সী বিশ্বাস। স্বাগত বক্তব্য দেয় শিশু সৌরভ পাল শুভ। প্রধানমন্ত্রী পরে দর্শকসারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। তিনি শিশুদের জন্য রচিত বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী একই স্থানে তিন দিনব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে দেখেন।এর আগে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধানিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপস, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।