
তেঘর উচ্চবিদ্যালয়ের মাঠজুড়ে বসেছিল চিত্রশিল্পী ও স্কুলশিক্ষার্থী শিশুদের মিলনমেলা। উদ্দেশ্য একটাই—সবাই মিলে ছবি আঁকা। ছোটরা আঁকবে, বড়রা শিখিয়ে দেবেন রঙের ব্যবহার। গ্রামবাসী দেখবে শিশুদের রুচি গঠন ও সাংস্কৃতিক ভিত তৈরির প্রক্রিয়া।
গ্রামাঞ্চল-মফস্বলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও সুকুমারবৃত্তির চর্চাকে উৎসাহিত করতে এবং কয়েক প্রজন্মের শিল্পীদের মধ্যে মেলবন্ধন গড়ে তুলতেই এই উৎসব বা আর্ট ক্যাম্প। আয়োজনটি করেছে চারুকলা উৎসব জয়পুরহাট ২০১৬ উদ্যাপন পরিষদ। জয়পুরহাটের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২৫ জন শিক্ষার্থী এবং বহু দর্শনার্থীর সঙ্গে এতে যোগ দিয়েছেন দেশের প্রতিষ্ঠিত চিত্রশিল্পীরা।
গতকাল বুধবার বেলা ১১টার পর তেঘর উচ্চবিদ্যালয় মাঠে ছবি এঁকে উৎসবের উদ্বোধন করেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উৎসবের প্রধান সমন্বয়ক হারুন আর রশীদ ও উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমিনুল হক।
উৎসবের সদস্যসচিব মোহাম্মদ ইউনুছ বলেন, এই উৎসবের মধ্য দিয়ে এখানে অসাম্প্রদায়িক চেতনা, মননশীলতা ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের বীজ রোপিত হলো। সারা দেশে এমন উৎসব করা দরকার।
ঢাকা থেকে উৎসবে যোগ দেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন আব্দুস শাকুর শাহ্, ফরিদা জামান, রণজিৎ দাশ, আফজাল হোসেন, মোস্তাফিজুল হক, নাসরিন বেগম, আহমেদ সামসুদ্দোহা, মনিরুজ্জামান, রফি হক, শামীম সুবরানা, আনিসুজ্জামান, বিপাশা হায়াত, নাইমা হক, মোহাম্মদ ইউনুছ, রেজাউল করিম, আবদুস সাত্তার তৌফিক, হারুনুর রশীদ, মাকসুদুর রহমান, রেজাউন নবী ও আলপ্তগীন তুষার। এ ছাড়া আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
গতকাল দিনব্যাপী আশপাশের গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে ছবি এঁকেছে স্কুলশিক্ষার্থী ও চারুকলার শিক্ষার্থীরা। বিকেলে স্কুলমাঠে জ্যেষ্ঠ শিল্পীদের তত্ত্বাবধানে আঁকার পাঠ নিয়েছে তারা। সন্ধ্যা থেকে তাদের রবীন্দ্রসংগীত ও লোকগান গেয়ে শোনান স্থানীয় শিল্পীরা।
ভাদসা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাঁরা নিজেরাও অভিজ্ঞতা অর্জন করলেন। ঢাকাকেন্দ্রিক শিল্পচর্চার বাইরে এমন আয়োজন আনন্দ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী আজাদ রহমানকেও।
আয়োজন সম্পর্কে সমরজিৎ রায়চৌধুরী বলেন, নিভৃত এই পল্লির শিশুরাও লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকবে, কবিতা আবৃত্তি করবে, গান ও নাটক করবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়লে হিংসা-বিদ্বেষ কমে যাবে।
আগামীকাল তেঘর উচ্চবিদ্যালয় মাঠে থাকবে বরেণ্য শিল্পী ও স্কুলশিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী। বিকেলে সাঁওতাল নৃত্য, বাউল ও ভাওয়াইয়া গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। এ প্রদর্শনীর ছবিগুলো নিয়ে ২৬-৩০ মার্চ রাজধানীর জয়নুল গ্যালারিতে আয়োজন করা হবে আরও একটি প্রদর্শনী। উৎসবস্থলে কারুশিল্পীদের পাশাপাশি স্টল দিয়েছে প্রথমা প্রকাশন। উৎসবটিতে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো।