
শিশুটির বয়স আট থেকে নয় বছর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় নড়াচড়ায় ব্যস্ত শিশুটি। প্রধানমন্ত্রী বললেন, ‘যেয়ো না, একটু দাঁড়াও।’ দুই দফা এমনটি বলার পরও শিশুটি প্রধানমন্ত্রীর পাশ থেকে সরে গেল। হাঁটা শুরু করল মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই আবার তাঁর পাশে এসে দাঁড়াল শিশুটি।
এবার প্রধানমন্ত্রী নিজের মাইক্রোফোন ছেড়ে দিয়ে দর্শকদের উদ্দেশে বললেন, ‘ও একটু কথা বলবে।’ শিশুটি মাইক্রোফোন হাতে নিল। পাশ থেকে প্রধানমন্ত্রী বললেন, তুমি না বললে কথা বলবে, বলো। শিশুটি জানিয়ে দিল সে তার নাম ভুলে গেছে। এখন সে আর কথা বলবে না। অনুষ্ঠানের শুরু থেকেই শিশুটি প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে ছিল।
গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারাক্ষণই ব্যস্ত ছিলেন শিশুদের কথা মেনে চলার জন্য। এরা সবাই অটিস্টিক শিশু। তবে শিশুরা ব্যস্ত ছিল তাদের মনোজগতে। প্রায় তিন ঘণ্টা প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কাটান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। অটিস্টিকসহ সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরাও এ মর্যাদা ভোগের সমান অধিকার রাখে। অটিজম কোনো ব্যাধি নয়, জন্মগত কিছু অসুবিধা। সমাজের সচেতন ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য এদের প্রতি সহানুভূতিশীল হওয়া। অবজ্ঞা না করে এদের আপন করে নেওয়া।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন তখন সম্মেলন কেন্দ্রে উপস্থিত অটিস্টিক শিশু ও ব্যক্তিরা কেউ আপনমনে হেসেই যাচ্ছে। আবার কেউ কেন্দ্রের বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াচ্ছে। পাশে পাশে দৌড়াচ্ছেন সেই শিশুর মা। আবার কেউ কেউ মুখ দিয়ে বিকট শব্দ করেই চলছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা খানিকটা দ্বিধার মধ্যে থাকলেও বেশি কিছু বলেননি এই শিশুদের। তবে অনুষ্ঠানের পুরুষ ঘোষক একটু পরপর অভিভাবকদের এই শিশুদের শান্তভাবে বসানোর জন্য অনুরোধ জানাচ্ছিলেন।
প্রতিবেদকের পাশে বসা একজন অভিভাবক বলেন, ‘এরা যদি অন্যদের মতো শান্ত হয়েই বসবে, তাহলে তো আর ওরা অটিস্টিক হতো না।’
মঞ্চের সামনের সারিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জায়গায় এক শিশু দাঁড়িয়ে অনেকক্ষণ হাত নেড়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়। তারপর একসময় মঞ্চে উঠে হঠাৎ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল। প্রধানমন্ত্রীও কিছুক্ষণ মমতায় আগলে রাখলেন শিশুটিকে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকেই প্রধানমন্ত্রী প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের উদ্বোধন এবং জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের ফলক উন্মোচন করেন। এ ছাড়া অটিজম নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোটাই উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে এই শিশুদের সঙ্গে ছবি তোলেন। অটিস্টিক শিশুদের আঁকা ছবি দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী।
তবে আনুষ্ঠানিক বাধ্যবাধকতার কারণে এই শিশুদের বেশ কষ্টও হয়। কয়েকজন অভিভাবক প্রথম আলোকে বলেন, এই শিশুদের কোনো বিষয়ে মনোযোগ বেশিক্ষণ থাকে না। সকাল নয়টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত (প্রধানমন্ত্রী বের না হওয়া পর্যন্ত) ঘরের মধ্যে এই শিশুদের বন্দী করে রাখায় তারা খুব বিরক্ত হয়ে গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এতে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম।
আলোচনা শেষে সম্মেলন কেন্দ্র থেকে সাজানো ঘোড়া, হাতি, ব্যান্ড পার্টির বাজনাসহ বিভিন্ন আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়।