শিশুদের সরকারের অগ্রাধিকারে রাখার দাবি
দেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশই শিশু। কিন্তু সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিশু উন্নয়ন সম্পর্কিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। তাই রাজশাহীতে ‘দুর্জয় কেন্দ্রীয় শিশু ফোরাম’ নামের একটি সংগঠন শিশুদেরকে সরকারের অগ্রাধিকারে রাখার দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় তিন বছর ধরে শিশুদের নিয়ে কাজ করছে সংগঠন দুর্জয় কেন্দ্রীয় শিশু ফোরাম। গতকাল বুধবার রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নারজু খাতুন, ‘শিশুদের বাজেট ভাবনা ২০১৫-১৬’ নিয়ে ও সাধারণ সম্পাদক সার্জিনা খাতুন ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম’-এর ওপর লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে বলা হয়, শিশু অধিকার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করার পর সরকার শিশুদের জন্য বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশে শিশু শিক্ষার হার বেড়েছে, মৃত্যুর হার কমেছে। শারীরিক শাস্তি অবৈধ ঘোষণা করা হয়েছে। তার পরও শিশুরা পরিপূর্ণভাবে সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছে না।
এ বিষয়ে কিছু সুপারিশ করা হয়। এগুলো হলো জাতীয় বাজেটে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা, উপবৃত্তি বাড়াতে হবে। পাশাপাশি প্রতি ক্লাসে ৩০ জন শিশুর জন্য একজন শিক্ষক সরবরাহ, বিদ্যালয়ে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবেশ, উন্নতমানের পাঠাগার থাকতে হবে।