শিশুদের সামনে বাবাকে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে অটোরিকশার চালক আমজাদ হোসেনকে লাঠিপেটা করার ঘটনায় দায়ের করা মামলায় আজ শুক্রবার গ্রাম পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এই মামলাটি করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আবদুল মান্নান ও আবদুর রহিম। আজ বিকেল চারটার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে মামলার বাদী আমজাদ হোসেনের বাবা আবদুল গফুর অভিযোগ করে বলেন, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক এলাকায় ঘুরে বেড়ালেও তাঁকে গ্রেপ্তার করছে না পুলিশ।
এর আগে গতকাল রাতে আবদুল গফুর বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক ওরফে মানিক, গ্রাম পুলিশের সদস্য আবদুর রহিম ও আবদুল মান্নান এবং শাফি মিয়া, মোশারফ হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, ‘গত ইউপি নির্বাচনে বিপক্ষে কাজ করায় আমজাদ হোসেন ও ছহিরুল ইসলামকে হাত পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তাঁর সাঙ্গপাঙ্গরা জনতার সামনে দিগম্বর করে বেধড়ক পিটিয়েছেন। আমজাদকে পেটানোর দৃশ্য দেখে তাঁর অবুঝ শিশু সন্তানেরা হাউমাউ করে কান্নাকাটি করে বাবাকে না পেটানোর জন্য আকুতি জানালেও থামেননি চেয়ারম্যান।’ এজাহারে আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টারও অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, বদরগঞ্জ উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আমজাদ হোসেন কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে গত শনিবার ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। পরদিন চেয়ারম্যান শহিদুল হক মানিকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ হোসেন ও গরুর বিক্রেতা ছহিরুলকে আটক করেন। এরপর ওই দুজনকে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে পুরো এলাকা ঘুরে নিয়ে বেড়ান। পরে তাঁদের বৈরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়।
সে সময় চেয়ারম্যান শহিদুল হক মানিক উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমার পক্ষে যাঁরা ভোট করেছে তাঁরা মদাড়ু, জুয়াড়ু বা চোর নয়। আমার বিরুদ্ধে যাঁরা ভোট খেলছে তাঁরা ভালো মানুষ না। যাঁদের ধরা হয়েছে তাঁদের কী করা উচিত?’ এ সময় চেয়ারম্যানের লোকজন বলে ওঠেন, ‘ফাঁসি দেওয়া উচিত।’ এরপর শুরু হয় বেধড়ক পেটানো। এ সময় আমজাদের দুই অবুঝ মেয়ে বাবাকে না পেটানোর জন্য চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গদের হাতে পায়ে ধরে। কিন্তু তাঁদের মন গলেনি। অবুঝ শিশুদের সামনেই হাত-পা বেঁধে মাটিতে ফেলে আমজাদকে পেটানো হয়। চার ঘণ্টা পেটানোর পর তাঁদের থানা পুলিশে দেওয়া হয়।