শিশুদের সামনে বাবাকে বেঁধে লাঠিপেটা

হাত-পা বেঁধে ইউপি চেয়ারম্যান পেটাচ্ছেন আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে। তাঁর তিন শিশুসন্তান হাউমাউ করে কাঁদছে। বাবাকে না পেটানোর অনুরোধ করছে। কিন্তু অবুঝ শিশুদের আর্তি ‘বুঝদার’ চেয়ারম্যানের মন গলাতে পারেনি। চার ঘণ্টা বেধড়ক পেটানোর পর থামলেন চেয়ারম্যান ও তাঁর সাঙ্গপাঙ্গরা। গত রোববার রংপুরের বদরগঞ্জে ঘটে এ ঘটনা।
আমজাদ হোসেনের বাড়ি রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর গফুরেরপাড়া গ্রামে। কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মানিকের অভিযোগ, আমজাদ বাড়িতে চোরাই গরু রেখেছেন। তবে পিটুনির শিকার হওয়া আমজাদ বলেছেন, তিনি বাড়িতে কোনো চোরাই গরু রাখেননি। গত ইউপি নির্বাচনে তিনি শহিদুল হকের পক্ষে কাজ না করায় তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আবদুর গফুরের ছেলে আমজাদ হোসেন কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে গত শনিবার ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। পরদিন চেয়ারম্যান শহিদুল হক মানিকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ হোসেন ও গরুর বিক্রেতা ছহিরুলকে আটক করেন। এরপর ওই দুজনকে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে এলাকায় নিয়ে ঘুরে বেড়ান। পরে তাঁদের বৈরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমার পক্ষে যারা ভোট করেছে তারা মদাড়ু, জুয়াড়ু বা চোর নয়। আমার বিরুদ্ধে যারা ভোট খেলছে তারা ভালো মানুষ না। যাদের ধরা হয়েছে তাদের কী করা উচিত?’ এ সময় চেয়ারম্যানের লোকজন বলে ওঠেন, ‘ফাঁসি দেওয়া উচিত।’ এরপর শুরু হয় বেধড়ক পেটানো। চার ঘণ্টা পেটানোর পর তাঁদের থানা পুলিশে দেওয়া হয়।
বদরগঞ্জ থানা হাজতে আটক আছেন আমজাদ হোসেন। গত রোববার রাতে কথা হয় তাঁর সঙ্গে। তিনি অভিযোগ করেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান মানিকের পক্ষে ভোট করিনি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ও চৌকিদারেরা গরু চুরির মিথ্যা অভিযোগে অবুঝ তিন মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মায়ের সামনে আমাকে চার ঘণ্টা লাঠিপেটা করেন। লাথি ও কিলঘুষিও মেরেছেন। এ সময় বাচ্চাদের করা কান্নাকাটি আমি ভুলতে পারছি না। আমি চোর না, অটোরিকশা চালাই। গরুটি কোরবানি দেওয়ার জন্য এলাকার ছহিরুল ইসলামের কাছ থেকে কিনেছিলাম।’
ছহিরুল ইসলাম বলেন, ‘এলাকার শহিদুল ইসলামের কাছ থেকে আমি গরুটি কিনেছিলাম। পরে আমজাদ হোসেনের কাছে তা বিক্রি করি।’ তিনি অভিযোগ করেন, ‘চেয়ারম্যান মানিকের পক্ষে ভোট না করায় গরু চুরির মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানো হয়েছে।’

আমজাদ হোসেনের মা আমেনা বেগম বলেন, ‘গ্রামের মানুষ সবাই জানে আমার ছেলে ভালো। ভোট না করায় চেয়ারম্যান আর চৌকিদারেরা লাঠি দিয়া মারি তাক থানাত দেছে।’
আমজাদের স্ত্রী কুলসুম বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার স্বামী টাকা দিয়া গরু কিনি আনছে। চেয়ারম্যান কয় ওটা চোরাই গরু। স্কুলের মাঠে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে মারা শুরু করে। আমার বড় বাচ্চা আফরিন আখতার মাইর দেখে চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, “আমার বাপ চোর না, মাইরেন না। ও আল্লাহ, আমার বাপরে বাঁচাও।” এ সময় চেয়ারম্যানের ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি। বাচ্চাটাকে টেনেহিঁচড়ে সরিয়ে দিয়ে তার বাবাকে মেরে পুলিশকে দেওয়া হয়েছে। এ ঘটনা দেখার পর আমার দুই মেয়ে আফরিন ও আঁখির (৫) প্রচণ্ড জ্বর এসেছে।’
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শহিদুল হক বলেন, ‘ওরা দুইজন চোর। ওদের পক্ষে কথা বলা ঠিক না। আমি মারিনি। জনগণ ও চৌকিদার মেরেছে। মারপিট করার সময় দুইটা বাচ্চা দৌড়ে এসে বাবা বলে একজনকে জাপটে ধরলে আমি মারপিট বন্ধ করতে বলি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক চৌধুরী ওই মারধরের ভিডিও চিত্র দেখে প্রথম আলো ডটকমকে বলেন, ‘চোর হলেও এভাবে কেউ মারতে পারেন না। বাচ্চাদের সামনে এভাবে মারপিট করাটা খুবই দুঃখজনক। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরির অভিযোগে বেদম পিটিয়ে দুইজনকে চেয়ারম্যান আমাদের হাতে তুলে দিয়েছেন। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।’