শিশুদের সুরক্ষা সবার আগে

অনলাইনে সহিংসতার বিষয়ে অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের সহায়তা দিতে কাউন্সেলিং সেন্টার করার পরিকল্পনা পুলিশের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনলাইনে সহিংসতার শিকার এক কিশোরের বাবা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। বাবাকে বললে হয়তো তার সমস্যার সমাধান হতো। কিন্তু বকাঝকা খাওয়ার ভয়ে বাবার কাছে সে সাহায্য চায়নি।’

গতকাল সোমবার ‘অনলাইন নিরাপত্তা’ শিরোনামে প্ল্যান–প্রথম আলো আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভা মিডিয়া ক্যাফেতে এসব কথা বলছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী কিশোর সাদাত রহমান। আলোচনায় অংশ নিয়ে হলি ক্রস কলেজের শিক্ষার্থী লাবণ্য প্রজ্ঞা তাঁর দুই বন্ধুর অনলাইনে সহিংসতার শিকার হওয়ার কথা তুলে ধরে জানান, ওদের ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি তৈরি হয়।

‘অনলাইন নিরাপত্তা’ শিরোনামে ভার্চ্যুয়াল এই আলোচনা সভা আয়োজন করে প্ল্যান–প্রথম আলো

আলোচনায় অংশ নেওয়া বক্তাদের মতে, অনলাইনে সহিংসতার শিকার সন্তান যেন বাবা–মায়ের কাছে আস্থা ও বিশ্বাস নিয়ে কথা বলার সুযোগ পায়। বাবা–মাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। শিশুদের সুরক্ষার কথা সবার আগে ভাবতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সৈয়দ নাসিরুল্লাহ জানান, অনলাইন সহিংসতার বিষয়ে প্রতিকার চাইতে অনেকের মধ্যে থানা নিয়ে যে ভয় রয়েছে, তা দূর করতে থানার বাইরে কাউন্সেলিং সেন্টার করার পরিকল্পনা রয়েছে পুলিশের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক (গার্লস রাইটস) কাশফিয়া ফিরোজ। এ সময় তিনি অনলাইনে সহিংসতা নিয়ে ২৫ নভেম্বর প্রকাশিত প্ল্যান–প্রথম আলো পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ৭৯ শতাংশ কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়। এর মধ্যে ৫৩ শতাংশ নারী।

আলোচনা সভায় শিক্ষার্থী লাবণ্য প্রজ্ঞা প্রতিকার পাওয়ার বিষয়ে সবার সহযোগিতার মনোভাব থাকার ওপর জোর দেন। তিনি বলেন, অনলাইনে শিষ্টাচার কেমন হবে, ব্যক্তিগত তথ্য কতটুকু দেওয়া যাবে, কীভাবে বিরূপ অবস্থা থেকে রক্ষা পেতে হবে, সহিংসতার শিকার হলে প্রতিকারের ব্যবস্থা কী কী আছে, সেগুলো জানাতে হবে সবাইকে। যিনি সহিংসতার শিকার হন, তিনি যেন অপরাধবোধে না ভোগেন, সে রকম পারিবারিক–সামাজিক পরিবেশ তৈরি করতে হবে। অভিভাবকদের প্রতি তাঁর আহ্বান, ‘সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনবেন। বিরূপভাবে নেবেন না।’

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান নড়াইল এলাকায় ১৩ থেকে ১৯ বছরের কিশোর–কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করেন। বন্ধুদের নিয়ে তৈরি মোবাইল অ্যাপ ‘সাইবার টিনস’–এর মাধ্যমে তাঁরা অনলাইন সুরক্ষা বিষয়ে পরামর্শ সহায়তা দেন। তিনি জানান, অনলাইনে হয়রানি–সহিংসতার সাড়ে তিন শ অভিযোগ তাঁরা পেয়েছেন। সেই সব অভিযোগের অভিজ্ঞতা তুলে ধরে সাদাত বলেন, বয়স ও তথ্য লুকিয়ে ভুয়া আইডির মাধ্যমে বন্ধুত্বের ফাঁদে ফেলা হয় অনেককে। বিভিন্ন অ্যাপের লিংক পাঠিয়ে ডাউনলোড করতে বলা হয়। লিংকে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য চলে যায় ওই ব্যক্তির কাছে। তিনি বলেন, ‘আমরা কিশোর–কিশোরীদের শিখাই কীভাবে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে।’

বৈশ্বিক প্রচারাভিযান টেইক ব্যাক দ্য টেকের বাংলাদেশ সমন্বয়ক এবং প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা বলেন, এই যুগে প্রযুক্তি ব্যবহার থেকে সন্তানদের আটকানো সম্ভব নয়। ইলেকট্রনিক ডিভাইসে পর্নোসাইট নিয়ন্ত্রণ করার উপায় জানতে হবে অভিভাবকদের। সন্তান যেন তার সব কথা বলতে পারে, সে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। পরিবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকলে সন্তান অনলাইনে সহিংসতার শিকার হলে প্রতিকার পেতে বাবা–মায়ের সাহায্য নিতে পারবে।

পুলিশ কর্মকর্তা সৈয়দ নাসিরুল্লাহ জানান, যে কাউন্সেলিং সেন্টার করার পরিকল্পনা রয়েছে, সেখানে নারী ও পুরুষের জন্য আলাদা হেল্প ডেস্ক থাকতে পারে। কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য। সেসব সেখানেই সমাধান করা হবে। আর আইনি সহায়তার বিষয়গুলো থানায় পাঠিয়ে দেওয়া হবে।