শিশুদের সুরক্ষায় ওয়ার্ডভিত্তিক কার্যক্রম জোরদারের আহ্বান
শিশুদের অধিকার সুরক্ষা ও তাদের মানসিক বিকাশ নিশ্চিত করতে মহানগর, জেলা ও পৌর শহরগুলোর প্রতিটি ওয়ার্ডে একটি করে শিশু বিকাশ কেন্দ্র বা শিশু-কিশোর ক্লাব গড়ে তোলার জন্য কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গতকাল মঙ্গলবার রাজধানীতে শিশু একাডেমী মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের সমাবেশে মেহের আফরোজ এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কেমন পরিবেশে বেড়ে উঠছে। একটি যথার্থ শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য ওয়ার্ড কাউন্সিলররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে শহরগুলোর প্রতিটি ওয়ার্ডে যদি একটি করে শিশু বিকাশ কেন্দ্র বা শিশু-কিশোর ক্লাব গড়ে তোলা যায়, তাহলে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের একটা হিসাব যেমন থাকে, তেমনি এর মাধ্যমে তাদের সুরক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করা সহজ হয়।
সমাবেশে বিশেষ অতিথি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত শিশুদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রত্যেকে যদি আরেকজন শিশুর দায়িত্ব নিই, তাকে বেড়ে ওঠার সুযোগ দিই, তাহলে দেশে কোনো সুবিধাবঞ্চিত শিশু থাকবে না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরী, এসওএস আন্তর্জাতিক শিশুপিল্ল বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর গোলাম আহমেদ ইসহাক, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মো. সাইফুল ইসলাম প্রমুখ।