শিশুদের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার রোধে আইন কার্যকর, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এবং শিশু পাচার ও শিশুদের সুরক্ষায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া
পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
‘শিশু পাচার প্রতিরোধে কমিউনিটিকে শক্তিশালীকরণ ও নেটওয়ার্কিং প্রকল্পের (পিসিটিএসসিএন)’ আওতায় ‘সোশ্যাল ইকোনমিক এনহান্সমেন্ট প্রোগ্রাম (সিপ)’ নামের একটি বেসরকারি সংস্থা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘টেরে দেস হোমস নেদারল্যান্ডস’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সিপের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) জাহিদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে অন্যান্যের মধ্যে সিপের প্রকল্প সমন্বয়কারী মহসিন উদ্দিন ও ঢাকা আহছানিয়া মিশনের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বজলুর রশিদ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলা হয়, দেশের সীমান্তবর্তী যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরগুনা, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা মানব ও শিশু পাচারের জন্য ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০১ সালে দেশে ৭ হাজার ৯০৪টি মানব পাচারের ঘটনা ঘটে। ২০১০ সালে তা দাঁড়ায় ১১ হাজার ৮৭৬টিতে। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় দুই লাখ মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দেশগুলোতে নিয়ে পতিতাবৃত্তিতে নিয়োজিত করা হয়।