আমাদের সমাজে শিশুরা প্রায়ই নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু নির্যাতনকারীদের উপযুক্ত কোনো শাস্তি হচ্ছে না। আইনের ফাঁকফোকর গলিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। শিশুদের সুরক্ষায় তাই প্রয়োজন নতুন এবং যুগোপযোগী আইন প্রণয়ন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের জিলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘শিশুর সুরক্ষা ও পুনর্বাসন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সমিতির পরামর্শক ফাতেমা রশীদ হাসান।কর্মশালা পরিচালনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইন সহায়তা কমিটির দলনেতা ওয়াহিদা ইদ্রিস ইকবাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও আখতার কবির চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধে ফাতেমা রশীদ বলেন, জাতিসংঘ প্রণীত শিশু নির্যাতন প্রতিরোধবিষয়ক নীতিমালার আলোকেই নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত। সেই নীতিমালার আলোকেই নতুন আইন প্রণয়ন হতে হবে। বাংলাদেশ ১৯৯৮ সালে এ নীতিমালার সই করে এর প্রতি সমর্থন জানিয়েছে। কর্মশালায় আইনজীবী, সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়েছেন।