শিশুদের স্কুলে ধরে রাখা এখন চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিদ্যালয়ে গমনোপযোগী ৯৭ দশমিক ৪৭ শতাংশ শিশু স্কুলে নাম লেখালেও তাদের ধরে রাখা এখন চ্যালেঞ্জ।

আজ রোববার রাজধানীর নীলক্ষেত এলাকায় বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ) ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘সবার জন্য শিক্ষা’, ‘গ্লোবাল মনিটরিং রিপোর্ট’ ২০১৩-১৪-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করুক। আমাদের শিক্ষার মান দিনে দিনে বাড়ছে। তবে যতটুকু প্রয়োজন, ততটুকু হয়নি। এ জন্য মানসম্মত শিক্ষার ওপরে আমরা জোর দিচ্ছি।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এ কাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন মানসম্মত শিক্ষক। শিক্ষক তৈরি করতে আমরা পর্যাপ্ত প্রশিক্ষণ দিচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষা খাতে বাজেট কম। মোট দেশজ উত্পাদনের মাত্র (জিডিপি) ২ দশমিক ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ হয়। এটি একটি বড় সমস্যা। এটাকে আরও বাড়াতে হবে।’

অনুষ্ঠানে ওই প্রতিবেদনে ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা অর্জন-সংক্রান্ত বিভিন্ন দেশের তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, সারা বিশ্বে এখনো ৫৭ মিলিয়ন শিশু স্কুলে যায় না।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় সর্বজনীন অংশগ্রহণ অনেক দেশেই ধোঁয়াশার মধ্যে রয়ে যাবে।

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, সারা বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শিশুদের মধ্যে কমপক্ষে ২৫০ মিলিয়ন শিশু মৌলিক পঠন ও গণনা শিখতে পারছে না। এদের মধ্যে ১২০ মিলিয়ন শিশুর প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয়নি।

শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন, ইউনেসকো ঢাকা অফিসের ইনচার্জ কিচি ওয়াসু, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মাইকেল ম্যাকগ্রাত ও বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানে প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন তালাত মাহমুদ।

অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন।