শিশুর অতিরিক্ত ওজন না থাকার তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে বেশ ভালো। শিশুর অতিরিক্ত ওজনকে অপুষ্টির লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। বয়স্ক মানুষের মধ্যে স্থূলতার সমস্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কম। তবে পাঁচ বছরের যেসব শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম, তাদের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৭।
পুষ্টি পরিস্থিতি নিয়ে বৈশ্বিক এক প্রতিবেদনে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। ‘গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট ২০১৬: ফ্রম প্রমিজ টু ইমপ্যাক্ট’ শিরোনামের প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফ্রি)। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউএসএআইডি, সান মুভমেন্ট, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনসহ আরও কিছু দাতা সংস্থা ও গবেষণাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ইফ্রি এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টির ক্ষেত্রে বৈশ্বিক লক্ষ্য অর্জনে পৃথিবী পিছিয়ে আছে। কিন্তু আশাও আছে; কারণ, অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পুষ্টি এখন টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) কেন্দ্রীয় বিষয়। এসডিজির ১৭টির মধ্যে ১২টি লক্ষ্যের সূচকের সঙ্গে পুষ্টি সম্পর্কযুক্ত। এখন কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা হবে সুনির্দিষ্ট, পরিমাপ ও অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময় নির্দিষ্ট।
শিশুর উচ্চতা, শিশুর কৃশতা, নারীর রক্তস্বল্পতা, বুকের দুধ খাওয়া শিশুর হার, বয়স্কদের স্থূলতা, ডায়াবেটিসের প্রকোপ—এসব সূচকের ভিত্তিতে বিভিন্ন দেশের অবস্থানের (র্যাঙ্কিং) তালিকা তৈরি করা হয়েছে।
দু-একটা ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তালিকার নিচের দিকে। এ বিষয়ে মতামত জানতে চাইলে সরকারের জাতীয় পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টর এ বি এম মুজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কীভাবে র্যাঙ্কিং (অবস্থান তালিকা) করা হয়েছে, তা আমার জানা নেই। তবে পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ অনেক লক্ষ্য অর্জন করেছে, কিছু অর্জন লক্ষ্যমাত্রার কাছাকাছি।’
অবস্থান ভালো: পাঁচ বছরের কম বয়সী শিশুদের অতিরিক্ত ওজন অপুষ্টির লক্ষণ। এ ক্ষেত্রে বাংলাদেশের শিশুরা ভালো অবস্থানে আছে। অতিরিক্ত ওজনের শিশু দেশে ১ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে ভালো থেকে খারাপের যে ক্রম, তাতে বাংলাদেশ তালিকার ৫ নম্বরে। এ ধরনের শিশু সবচেয়ে কম দক্ষিণ কোরিয়ায়, দেশটিতে অতিরিক্ত ওজনের শিশুর হার শূন্য। এ ধরনের শিশুর হার সবচেয়ে বেশি ইউরোপের দেশ আলবেনিয়ায়। দেশটির পাঁচ বছরের কম বয়সী ২৩ দশমিক ৪ শতাংশ শিশুর ওজন বয়সের তুলনায় বেশি।
অতিরিক্ত ওজন ও স্থূলতাজনিত অপুষ্টির সূচকে অনেক ভালো অবস্থানে বাংলাদেশ, তালিকার ৭ নম্বরে। দেশের বয়স্কদের ১৮ দশমিক ১ শতাংশের ওজন বেশি এবং তারা স্থূল। এই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে তিমুর-লেসতে, দেশটির ১৪ দশমিক ৫ শতাংশ প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ওজনের ও স্থূলকায়। আর এ তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে পালাউ। দেশটির ৭৯ শতাংশ মানুষ অতিরিক্ত ওজনের ও স্থূলকায়।
পুষ্টিবিদেরা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে মায়ের দুধ ছাড়া আর কিছু খাওয়ানোর দরকার নেই। মায়ের দুধ শিশুকে পুষ্টির নিশ্চয়তা দেয়। আফ্রিকার দেশ রুয়ান্ডায় শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর হার বেশি।
দেশটিতে ৮৭ শতাংশ শিশু ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ পায়। মায়ের দুধ খাওয়ানোর হার সবচেয়ে কম আফ্রিকারই অন্য একটি দেশ চাদে। দেশটিতে শূন্য দশমিক ৩ শতাংশ শিশু মায়ের দুধ পায়। বাংলাদেশে এই পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। প্রতিবেদন বলছে, ৫৫ দশমিক ৩ শতাংশ শিশু ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ পায়। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৯।
এ ব্যাপারে এ বি এম মুজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ পাওয়ানোর হার আরও অনেক বেশি। সর্বশেষ জরিপের তথ্য খুব শিগগির প্রকাশ করা হবে।
অবস্থান খারাপ: অস্ট্রেলিয়ায় কৃশকায় কোনো শিশু নেই। আফ্রিকার দক্ষিণ সুদানে ১০০ শিশুর মধ্যে ২৩টি কৃশকায়। এই সূচকে ভালো থেকে খারাপের যে ক্রম, তাতে বাংলাদেশের অবস্থান ১১৭। দেশে কৃশকায় শিশু ১৪ দশমিক ৩ শতাংশ। বয়সের তুলনায় উচ্চতা কম—পাঁচ বছরের এমন শিশুর হার সবচেয়ে কম জার্মানিতে, ১ দশমিক ৩ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর-লেসতে-তে এ ধরনের শিশুর হার সবচেয়ে বেশি, ৫৭ দশমিক ৭ শতাংশ। এ ধরনের শিশুর হারের কম থেকে বেশির যে তালিকা, তাতে বাংলাদেশের অবস্থান ১০৭। দেশে শতকরা ৩৬টি শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম।
দেশে প্রজননক্ষম নারীর একটি বড় অংশ রক্তস্বল্পতার শিকার। প্রতিবেদন বলছে, ৪৪ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছে। রক্তস্বল্পতা কম থেকে বেশির যে ক্রম, তাতে বাংলাদেশের অবস্থান ১৫৮। এই তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১২ শতাংশ নারী এ ধরনের অপুষ্টির শিকার। আর তালিকার নিচে ১৮৫তম স্থানে সেনেগাল। আফ্রিকার এই দেশটিতে প্রজননক্ষম ৫৮ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছে।
ডায়াবেটিসের প্রকোপকে অপুষ্টির সূচক হিসেবে দেখা হয়েছে। এ নিয়ে যে তালিকা, তার সবচেয়ে ভালো অবস্থানে বেলজিয়াম। ইউরোপের দেশটির ৫ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্তের হার সবচেয়ে বেশি টঙ্গোতে। আফ্রিকার এই দেশটিতে ২৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের ৯ দশমিক ৪ শতাংশ এই রোগে আক্রান্ত। বাংলাদেশ তালিকার ৯৯ নম্বরে।
তবে ইফ্রির প্রতিনিধি ড. আখতার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পুষ্টি পরিস্থিতির উন্নতি হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ১৯৯২ সালে দেশে খর্বাকৃতির শিশুর হার ছিল ৬৩ শতাংশ, ২০০৫ সালে ৪৮ শতাংশ। আর বর্তমানে ৩৬ শতাংশ। খর্বতা কমানোর ক্ষেত্রে যেসব দেশ সাফল্য দেখিয়েছে, বাংলাদেশ তার অন্যতম।’
কী করতে হবে: প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের অপুষ্টি দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতি দৃঢ় করতে হবে। এই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সুচিন্তিত বরাদ্দ দিতে হবে। পুষ্টি-অপুষ্টি বিষয়ে সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ব্যবহার করা দরকার।
করণীয় বিষয়ে আখতার আহমেদ বলেন, দেশে বাল্যবিবাহ বেশি। কিশোরী মায়েরা অপুষ্ট ও কম ওজনের শিশু জন্ম দেয়। এসব শিশুর উচ্চতা কম হয়। খর্বতা দূর করার একটি উপায় বাল্যবিবাহ বন্ধ করা। তিনি বলেন, অপুষ্টি দূর করার গ্রহণযোগ্য উদাহরণের বিস্তার ঘটানো জরুরি।