
জাতিসংঘের সম্মানজনক ইয়ুথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশনজয়ী শিশুসংগঠক কেশব চন্দ্র রায় এখন তার এলাকার শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য পূরণে শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করছে সে।
নীলফামারীর জলঢাকা উপজেলার এই তরুণ শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ ও বাল্যবিবাহ ঠেকানোর কাজে তৎপর। গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে সে বলে, ‘উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদে (ইউপি) শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করছি। চলতি মাসেই শিশুদের বিদ্যালয়ে ভর্তি করা হবে। আর ভর্তির জন্য এই সনদ প্রয়োজন। কিন্তু অনেক অভিভাবক সনদ সংগ্রহের কাজকে ঝামেলা মনে করেন। এই ঝামেলা এড়াতে তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো থেকে বিরত থাকেন। এ জন্যই সনদ সংগ্রহ করে অভিভাবকদের হাতে তুলে দিচ্ছি।’ এ কাজে তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করছেন কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর জামান।
কেশব জানায়, অনলাইনে গতকাল ১৫টি শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়। ইন্টারনেটের গতি কম থাকায় আরও পাঁচটি শিশুর জন্মনিবন্ধন প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।
কেশবের সঙ্গে কথা বলে জানা গেল, জন্মনিবন্ধন সনদ সংগ্রহের পাশাপাশি বাল্যবিবাহ বন্ধের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে তার দল। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলেই দলের সদস্যরা মুঠোফোনে খবর দেয়। গত ২৮ নভেম্বর উপজেলার সিংড়া গ্রামে দুটি বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল। খবর পেয়েই ছুটে যায় কেশব। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার ও ইউপি চেয়ারম্যানের কোহিনুরের সহযোগিতায় বিয়ে দুটি বন্ধ করে দেওয়া হয়।
কেশব তার শিশু দলের সদস্যদের নিয়ে ওই এলাকায় প্রায় ২৫টি বাল্যবিবাহ ঠেকিয়েছে। ঝরে পড়া ৫০টি শিশুকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গত ১২ জুলাই নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মালালা দিবসের অনুষ্ঠানে জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের হাত থেকে কেশবের পক্ষে পুরস্কার গ্রহণ করে প্ল্যান ইন্টারন্যাশনাল। পরে তা কেশবের কাছে পৌঁছে দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারীর প্রোগ্রাম ইউনিট জলঢাকার কমিউনিকেশন কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বলেন, নিজ এলাকায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কেশবকে ওই পুরস্কার দেওয়া হয়।
জলঢাকার বিন্যাকুড়ি গ্রামের হতদরিদ্র ওজিন্দ্র বর্ম্মণের ছেলে কেশব টাকার অভাবে সপ্তম শ্রেণীতে ওঠার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এরপর গ্রামের বাজারে একটি ভাঙারির দোকানে কাজ নেয় সে। পড়াশোনায় ব্যাপক আগ্রহ থাকায় প্রতিবেশী বিভূতিভূষণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেশবকে তিনি আবার স্কুলে ভর্তি করিয়ে দেন।
সেই কেশব এখন উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং জাতীয় শিশু টাস্কফোর্সের সদস্য। রীতিমতো সেলিব্রেটি। এখন জলঢাকা বিএম কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে। কলেজ কর্তৃপক্ষ বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে।
শিশুসংগঠক কেশব ২০১২ সালে শ্রীলঙ্কায় শিশু সমাবেশে এবং ২০১৩ সালে ব্যাংককে শিশু সুরক্ষা প্রশিক্ষণে অংশ নিয়েছিল। জাতিসংঘ পুরস্কার গ্রহণের পর থেকে তার কাজে উৎসাহ অনেক বেড়ে গেছে। এলাকার শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে কেশব।